https://newsbdc.com/business-economy/mw3372dxo2
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ
মজুরি বাড়ানোর দাবিতে চলমান তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে অন্তত ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তালিকায় কয়েকটি শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীদের নাম রয়েছে। তাদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অথবা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে, সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ ১ ঘণ্টা আগে
সমকালের প্রতিবেদনে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিদের কারও কারও ব্যাংক হিসাব গত ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন সংস্থার মামলায় জব্দ করা হয়েছিল। তাদের কেউ কারাগারে, কেউ দেশের বাইরে থাকায় অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
গত মঙ্গলবার এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের ইঙ্গিত দেন। তিনি জানান, বিশেষ একটি কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি ও ৩৪টি পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।
আরও পড়ুন
কমেছে শীতকালীন সবজির দাম, বেড়েছে পোল্ট্রি মুরগির ১ ঘণ্টা আগে
রাজস্ব বোর্ডের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১২টি শিল্প গ্রুপের মালিকের বিরুদ্ধে আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই অভিযোগে বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে।
এ ছাড়া তালিকায় রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীন-ভারতের বড় পতন, চাপে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
মিরপুর এলাকায় আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম ১ ঘণ্টা আগে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কামাল গাজী এবং শুভ নামে এক ব্যক্তি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইনে আন্দোলনের বিভিন্ন স্থানের ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার সমন্বয়ের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁর নেতৃত্বে ২০ থেকে ২৫টি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুক পেজের মাধ্যমে এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার কাজে প্রায় ১৫০ ব্যক্তি যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা ৫ নভেম্বর ২০২৬
সম্প্রতি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে। এ কাজে কিছু শিল্পমালিকও জড়িত—সরকারের কাছে এমন তথ্য-প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করতে এরই মধ্যে ব্যাংকগুলোকে ইমেইলে নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।