ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক

ফাঁস হওয়া নথিতে ইরানকে ৯০টি মিসাইল লঞ্চার দেওয়ার তথ্য

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১: ৫০
ফাঁস হওয়া নথিতে ইরানকে ৯০টি মিসাইল লঞ্চার দেওয়ার তথ্য
সংগৃহীত

রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতার গভীরতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ফাঁস হওয়া কয়েকটি প্রতিরক্ষা শিল্পের নথি অনুযায়ী, উন্নত প্রযুক্তির নির্দেশিত ক্ষেপণাস্ত্রের জন্য ইরানকে ৯০টি লঞ্চার সরবরাহের পরিকল্পনা করেছিল রাশিয়া। তবে এসব লঞ্চার শেষ পর্যন্ত ইরানে পৌঁছেছিল কি না, তা নথিতে স্পষ্ট করা হয়নি।

ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা ‘ডালাস অ্যানালিটিক্স’-এর মাধ্যমে সংগৃহীত নথিগুলো পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

আরও পড়ুন

আর্থিক সংকট ও রাজনৈতিক চাপে প্যারাগুয়ের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা ৩৫ মিনিট আগে আর্থিক সংকট ও রাজনৈতিক চাপে প্যারাগুয়ের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

নথি অনুযায়ী, রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তিতে হেলিকপ্টার থেকে উৎক্ষেপণযোগ্য ‘এলএমইউআর’ নামের গাইডেড মিসাইলের জন্য লঞ্চার সরবরাহের কথা ছিল। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির বাহিনী ইউক্রেনীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও লঞ্চার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিম্পেল’-এর ২০২৪ সালের মে মাসে তৈরি করা একটি উৎপাদন সময়সূচিতে ‘কে-১০’ নামের রপ্তানি চুক্তির আওতায় ৯০টি লঞ্চারের অর্ডার তালিকাভুক্ত রয়েছে। পৃথক কিছু অভ্যন্তরীণ নথিতেও ‘কে-১০’ বলতে ইরানকে বোঝানো হয়েছে।

আরও পড়ুন

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক ১ ঘণ্টা আগে ভারতীয় ভিসায় নতুন নিয়ম, সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক

তবে লঞ্চারগুলো শেষ পর্যন্ত তেহরানে সরবরাহ করা হয়েছিল কি না, সে বিষয়ে নথিতে নিশ্চিত কোনো তথ্য নেই। এর আগে ২০২৩ সালে ইরানের উদ্দেশে পাঠানো ছয়টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমানের উৎপাদনসংক্রান্ত একটি তালিকা প্রকাশ্যে আসা সরবরাহের তথ্যের সঙ্গে মিলে যায়।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাত থেকে রাশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সুবিধা পেয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এতে তেল বিক্রি থেকে রাশিয়ার অতিরিক্ত রাজস্ব আয় হয়েছে, যা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে দেশটিকে সহায়তা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পশ্চিমা সামরিক সম্পদ ও মনোযোগ ইউক্রেন থেকে অন্যদিকে সরে গেছে। এতে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর পাওয়ার ক্ষেত্রে কিয়েভের চ্যালেঞ্জ বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন

কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু ১ ঘণ্টা আগে কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে মরিশাসে ৩ বাংলাদেশির মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা খুব সামান্য, কিংবা প্রায় নেই বললেই চলে। তবে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের সঙ্গে এ দাবির পার্থক্য রয়েছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য ও স্যাটেলাইট ছবি দিয়ে সহায়তা করছে রাশিয়া। পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য তেহরানকে বিস্ফোরকভর্তি ড্রোন সরবরাহের প্রস্তুতির বিষয়েও সতর্ক করেছে ইউরোপীয় গোয়েন্দারা।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতা বেড়েছে। ওই সময় থেকে ইরান রাশিয়াকে ‘শাহেদ’ অ্যাটাক ড্রোন সরবরাহের অন্যতম প্রধান উৎস হয়ে ওঠে। পরে রাশিয়া নিজ দেশেই এসব ড্রোন উৎপাদন শুরু করে।

আরও পড়ুন

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি ১৯ ঘণ্টা আগে ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়তে পারে ১০.১ শতাংশ, মূল্যস্ফীতির দ্বিগুণেরও বেশি

তবে বর্তমান সংঘাতে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহের খবর বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। ২০২৫ সালে দুই দেশ একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। এতে অভিন্ন হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিধান থাকলেও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার চুক্তির মতো পূর্ণাঙ্গ পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা রাখা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অক্টোবর মাসে রাশিয়া ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তিনটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন

ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ ২২ ঘণ্টা আগে ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের পরাজয়ের পেছনে ৪ কারণ

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের অবনতি এড়াতে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে মস্কো সতর্ক অবস্থান নিয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় রাশিয়ার নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন খাতও চাপের মুখে রয়েছে।

ফাঁস হওয়া নথিতে রুশ প্রতিরক্ষা শিল্পের এ চাপের বিষয়টিও উঠে এসেছে। ২০২৪ সালের মে মাসে লেখা এক চিঠিতে ‘ভিম্পেল’ সতর্ক করে জানায়, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহে বিলম্ব হলে মিসাইল লঞ্চার সংযোজন ব্যাহত হতে পারে। এতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা চুক্তিগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন