https://newsbdc.com/education/mwkbw88r3w
বাতিল হওয়া নানড প্রকল্প ফিরছে আরও বড় পরিসরে
প্রস্তাবিত প্রকল্পের আওতায় রাজধানীর পূর্বাচলে অধিগ্রহণ করা ৩ দশমিক ৩৩ একর জমিতে নির্মাণ করা হবে ১৮ তলাবিশিষ্ট আধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন। থাকবে ১০ তলা ছাত্রাবাস, যেখানে ২০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকবে। একাডেমিতে প্রতি বছর প্রায় ৪০০ শিক্ষার্থীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া স্থাপন করা হবে স্বয়ংসম্পূর্ণ মেডিকেল ও থেরাপি সেন্টার। পরিকল্পনা অনুযায়ী, মেডিকেল সেন্টারে প্রতিদিন ১০০ শিশুকে চিকিৎসা এবং থেরাপি সেন্টারে ৫০ শিশুকে থেরাপি দেওয়া হবে। অর্থাৎ প্রতিদিন মোট ১৫০ শিশুর চিকিৎসা ও থেরাপিসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে কিছু বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবাকেন্দ্র থাকলেও মাধ্যমিক পর্যায়ে সরকারি উদ্যোগে পর্যাপ্ত শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবাও অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। ফলে বিশেষ চাহিদাসম্পন্ন অনেক শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষা থেকে ঝরে পড়ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে প্রায় ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন। বাংলাদেশে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ (এনএসপিডি)-২০২১ অনুযায়ী, মোট জনসংখ্যার ২ দশমিক ৮০ শতাংশ প্রতিবন্ধী। পুরুষদের মধ্যে এ হার ৩ দশমিক ২৮ শতাংশ এবং নারীদের মধ্যে ২ দশমিক ৩২ শতাংশ।
সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রতিবন্ধী জরিপ অনুসারে, দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৩৩ লাখ ৬৮ হাজার ১৬০ জন। গবেষণায় বলা হয়েছে, গত ২০ বছরে এ ধরনের জটিলতার হার প্রায় ৬০০ শতাংশ বেড়েছে। বাংলাদেশে প্রতি এক হাজারে দুই শিশু নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিতে (এনডিডি) আক্রান্ত।
সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৩৪৪। এর মধ্যে ছেলে ৩ লাখ ২৫ হাজার ৮৫২ এবং মেয়ে ২ লাখ ১৩ হাজার ২৭৩ জন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, ২০২১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ২৪ হাজার ৩৯৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করত, যা মোট শিক্ষার্থীর ০ দশমিক ৬১ শতাংশ। মাধ্যমিক বিদ্যালয়ে এ সংখ্যা ছিল ৪৬ হাজার ৪৭৮, যা মোট শিক্ষার্থীর ০ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এনএসপিডি-২০২১ জরিপ অনুসারে, ৫ থেকে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিশুদের মধ্যে ৬৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে এবং ৩৫ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
জরিপে বিদ্যালয়ে যেতে না পারা বা ঝরে পড়ার কয়েকটি কারণও উঠে এসেছে। এর মধ্যে বাড়ির কাছে বিশেষায়িত বিদ্যালয় না থাকা ৪৭ দশমিক ৭৩ শতাংশ, পরিবারের অনিচ্ছা ২৮ দশমিক ০৭ শতাংশ, আর্থিক সীমাবদ্ধতা ও দারিদ্র্য ২৬ দশমিক ৮০ শতাংশ এবং বিদ্যালয়ে প্রবেশগম্যতার ঘাটতি ১৩ দশমিক ৩১ শতাংশ।
১১ বছর মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি প্রকল্প
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দুই বছর মেয়াদি নানড প্রকল্প হাতে নেয়। শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ৭৪ কোটি ১০ লাখ টাকা। পরে একাডেমি স্থাপন, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়।
তিন দফায় প্রকল্পের মেয়াদ ১১ বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে ব্যয় বাড়িয়ে ৭৩০ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকা করা হয়। তবে প্রায় ৯৫ কোটি টাকা ব্যয়ের পর ২০২৪ সালের অক্টোবরে প্রকল্পটি বাতিল করা হয়। অসম্পূর্ণ থেকে যায় এর বেশ কিছু কাজ।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
মাউশির তৎকালীন ও বর্তমান কয়েকজন কর্মকর্তা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আগ্রহে প্রকল্পটি নেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন চাপের মুখে বাকি কাজ শেষ না করেই প্রকল্পটি বাতিল করা হয় বলে তাঁদের দাবি।
প্রকল্প সূত্র জানায়, ব্যয় হওয়া ৯৫ কোটি টাকার মধ্যে শিক্ষকদের বেতন ও প্রশিক্ষণে ২৮ কোটি টাকার বেশি খরচ হয়েছে। এ ছাড়া ৩৫ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে একাডেমির স্থায়ী ক্যাম্পাসের জন্য ৩ দশমিক ৩৩ একর জমি কেনা হয়। বাকি অর্থ ব্যয় হয়েছে সভা-সেমিনার, ভাড়া করা ভবনে ক্যাম্পাস পরিচালনা, ভর্তি হওয়া শিক্ষার্থীদের পেছনে এবং প্রকল্প ব্যবস্থাপনায়। প্রকল্পটির আর্থিক অগ্রগতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ২০ শতাংশ।
নতুন প্রকল্পে থাকছে শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণ
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ১০ থেকে ২৮ বছর বয়সী এনডিডিতে আক্রান্ত শিশু ও তরুণদের শিক্ষা এবং ভোকেশনাল সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অন্য বয়সীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
পূর্বাচলের ৩ দশমিক ৩৩ একর জমিতে আন্তর্জাতিক মানের নানড কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে ১৮ তলাবিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন, এক হাজার আসনের অডিটোরিয়াম, ২০০ আসনের ১০ তলা ছাত্রাবাস এবং ছয় তলা বহুমুখী স্টাফ কোয়ার্টার থাকবে।
একাডেমির মাধ্যমে দেশের এনডিডি শিশুদের শিক্ষাগত স্ক্রিনিং, মূল্যায়ন ও রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হবে। শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা অনুযায়ী শিক্ষা ও ব্যবস্থাপনা সেবা দেওয়া হবে। উপযুক্ত শিশুদের একাডেমিতে ভর্তি করা হবে। প্রয়োজনে তাদের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
প্রায় ৪০০ শিক্ষার্থীর জন্য সাধারণ, বিশেষ ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রতিবছর প্রায় ২০০ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাবে।
একাডেমিতে স্বয়ংসম্পূর্ণ মেডিকেল সেন্টারের পাশাপাশি বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি করা হবে। মেডিকেল সেন্টারে প্রতিদিন ১০০ শিশুকে চিকিৎসা এবং থেরাপি সেন্টারে ৫০ শিশুকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি দেবে সরকার, যেসব শর্ত মানতে হবে ২০ নভেম্বর ২০২৬
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, ভোকেশনাল, তথ্যপ্রযুক্তি ও জীবনদক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় কেয়ারগিভার ও বিশেষায়িত পেশাজীবী তৈরির উদ্যোগও থাকবে। দেশে ও বিদেশে এ ধরনের পেশাজীবী ও কেয়ারগিভারের চাহিদা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টদের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
সার্বিক বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, নতুন নামে প্রকল্পটি হতে পারে। এ বিষয়ে বিস্তারিত মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক বলতে পারবেন। তবে সম্প্রতি পরিকল্পনা বিভাগ থেকে পরিচালক অধ্যাপক মীর জাহিদা নাজনীনকে সরিয়ে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাউশির পরিকল্পনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রকল্পের জমি কেনা ও একাডেমি স্থাপনসহ অনেক কাজ আগেই বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় নতুন করে আরও বর্ধিত কলেবরে নেওয়ার উদ্যোগ করা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।