https://newsbdc.com/education/mwkg05z8wl
অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন
১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ১ ঘণ্টা আগে
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনা করেন আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এখানে কোনো একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে সরকারের ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ এবং বর্তমান সরকার এ ধরনের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক কাউসার টগর বলেন, গত ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাসে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা অগ্নিসন্ত্রাস কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তাদের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গঠন ও অগ্রগতিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গড়ার কাজে তাঁদের এগিয়ে আসতে হবে। অতীতের শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষের চিন্তা ও মননে বিভাজন তৈরির অপচেষ্টার ইতিহাস সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক মহিউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। দলীয় কর্মীদের ব্যবহার না করে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রেখেছে। দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এ পদক্ষেপ আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও গণতান্ত্রিক শাসনব্যবস্থার এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা আর ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ২৪ জুলাই রাজপথে নামার মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রত্যেক নাগরিকের জীবন, মতপ্রকাশ, প্রতিবাদসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন
শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ বিচারের দাবি জানান তিনি। তবে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনের শাসন অনুসরণ করে পরিচালিত হতে হবে বলেও উল্লেখ করেন।
এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ড. রুমানা পারভীন অ্যানি প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।