https://newsbdc.com/international/mwhhuhhys7
লম্বা টাই থেকে ঢিলেঢালা প্যান্ট, ট্রাম্পের পোশাক নিয়ে যত আলোচনা
বিশ্বমঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার বক্তব্য, অঙ্গভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের পাশাপাশি পোশাক-আশাক নিয়েও তৈরি হয় নানা আলোচনা। ঢিলেঢালা প্যান্ট, অস্বাভাবিক লম্বা টাই, কাঁধে ভারী প্যাড দেওয়া স্যুট কিংবা চকচকে কাপড়ের পোশাক—সব মিলিয়ে ট্রাম্পের ফ্যাশন নিয়ে রয়েছে নানা কৌতূহল।
নিজের শারীরিক গড়ন আড়াল করতেই কি তিনি এমন পোশাক বেছে নেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পুরুষদের পোশাক বিশেষজ্ঞ ডেরেক গাইসহ বিভিন্ন পর্যবেক্ষকের বিশ্লেষণে উঠে এসেছে ট্রাম্পের পোশাকের বেশ কিছু অস্বাভাবিক দিক।
কাঁধে অস্বাভাবিক প্যাড
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
ট্রাম্পের স্যুটের অন্যতম বৈশিষ্ট্য অতিরিক্ত ভারী ও বড় আকারের জ্যাকেট। বিশেষ করে কাঁধে মোটা প্যাড ব্যবহার করা হয়। পোশাক বিশেষজ্ঞ ডেরেক গাইয়ের মতে, এ ধরনের কোট স্থির অবস্থায় দেখতে ভালো লাগলেও হাঁটাচলা বা বসার সময় কাঁধ সামনের দিকে ঝুঁকে গেলে তা কৃত্রিম দেখাতে পারে। ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের সময় ট্রাম্পের পোশাকেও এমন দৃশ্য দেখা গেছে।
অস্বাভাবিক লম্বা টাই
ট্রাম্পের পোশাকের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি তার লম্বা টাই। সাধারণত টাইয়ের প্রান্ত বেল্টের কাছাকাছি থাকার কথা থাকলেও ট্রাম্পের টাই অনেক সময় বেল্টের নিচ পর্যন্ত নেমে আসে।
এত লম্বা টাইয়ের পেছনের ছোট অংশটি স্বাভাবিকভাবে নির্ধারিত লুপে আটকানো সম্ভব হয় না। ফলে সেটি স্কচটেপ দিয়ে আটকে রাখার ঘটনাও দেখা গেছে। একজন লেখকের পর্যবেক্ষণ, টাইয়ের এই অস্বাভাবিক দৈর্ঘ্য ট্রাম্পের পোশাকের প্রচলিত নিয়মের সঙ্গে মেলে না।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
রানির সঙ্গে সাক্ষাতে সাদা পোশাক
২০১৯ সালের জুনে যুক্তরাজ্য সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সাদা আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন ট্রাম্প। তবে তার পোশাকের ওয়েস্টকোট বা কোমরকোটটি ছিল তুলনামূলক লম্বা, আর জ্যাকেট ছিল প্রচলিত মাপের। এতে পুরো পোশাকের ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে।
লাল টাইয়ের প্রতি বিশেষ পছন্দ
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
ট্রাম্পের পছন্দের টাইয়ের রং মূলত লাল। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লাল রং রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত। এ ছাড়া হলুদ এবং সাদা ডোরাকাটা নীল টাইও পরতে দেখা যায় তাকে। লেখকের পর্যবেক্ষণ, ট্রাম্প সাধারণত উজ্জ্বল ও সহজে চোখে পড়ে এমন রং বেছে নেন।
‘মাগা’ ক্যাপ
‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ লেখা ক্যাপ ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রতীক। তার সমর্থকদের কাছে এটি রাজনৈতিক আনুগত্যের প্রতীক হিসেবে বিবেচিত। তবে একজন লেখক ক্যাপটির ব্যবহার নিয়ে ভিন্ন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, এটি একদিকে সমর্থকদের সঙ্গে ট্রাম্পের একাত্মতার প্রকাশ, অন্যদিকে রাজনৈতিক প্রচারণার একটি দৃশ্যমান উপকরণ।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
গলফের পোশাকেও আলাদা ট্রাম্প
গলফ খেলার সময় সাধারণত সাদা পোলো শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরেন ট্রাম্প। পায়ে থাকে নকশাদার গলফ জুতা। তবে গলফ খেলার সময় তার শারীরিক গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও আলোচনা ছড়িয়েছে। একবার এমন একটি ছবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিরোধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিতে তার পেট বড় করে দেখিয়েছে।
ঢিলেঢালা ও লম্বা প্যান্ট
ট্রাম্পের প্যান্টের নকশাও বেশ আলাদা। সাধারণত তার প্যান্ট হয় চওড়া ও তুলনামূলক লম্বা। পোশাক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের প্যান্ট তার সামগ্রিক পোশাকের ধরনকে আরও আলাদা করে তুলেছে।
আরও পড়ুন
রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার হত্যার তথ্য আইসিজের পর্যবেক্ষণে ১৯ নভেম্বর ২০২৬
চকচকে স্যুটের রহস্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের পোশাকে সাধারণত গাঢ় নীল স্যুটের প্রচলন রয়েছে। ট্রাম্পও এ ধরনের স্যুট পরেন। তবে তার পোশাকের কাপড় অনেক সময় বেশ চকচকে হয়। একজন লেখকের মতে, প্রচলিত প্রেসিডেন্টসুলভ পোশাকের ধরন বজায় রেখেও অন্যদের চেয়ে বেশি নজর কাড়ার প্রবণতা তার পোশাকে ফুটে ওঠে।
সব মিলিয়ে ট্রাম্পের পোশাকের ধরন নিয়ে নানা ব্যাখ্যা ও পর্যবেক্ষণ থাকলেও, তার পোশাক নির্বাচনের পেছনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।