https://newsbdc.com/international/mwn5e8it75
অর্থনৈতিক সংকটের মধ্যে ৬ কোটি ৬৮ লাখ ডলারের বিমান কিনে বিতর্কে ঘানা সরকার
প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডলার ব্যয়ে প্রেসিডেন্টের জন্য নতুন বিমান কিনেছে ঘানা সরকার। ফ্রান্সের তৈরি বিলাসবহুল বিমানটি হাতে পাওয়ার পর দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। জীবনযাত্রার ব্যয় ও বেকারত্বের চাপে থাকা মানুষের দেশে এত বিপুল অর্থ ব্যয়ে বিমান কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনীতিক ও নাগরিকদের একাংশ।
গত ১৬ নভেম্বর ঘানার বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয় নতুন বিমানটি। ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের তৈরি ‘ফ্যালকন ৬এক্স’ মডেলের বিমানটির দাম প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডলার বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
ঘানার পার্লামেন্ট ২০২৫ সালের ৪ ডিসেম্বর বিমানটি কেনার চুক্তিতে অনুমোদন দিয়েছিল। এটি দেশটির পুরোনো ফ্যালকন ৯০০ইএক্স বিমানটির জায়গা নেবে। প্রায় ১৬ বছর পুরোনো ওই বিমানটিতে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। ২০২৫ সালে মেরামতের জন্য সেটিকে কয়েক মাস ফ্রান্সে রাখতে হয়েছিল।
বিমান কেনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধী সংসদ সদস্য স্যামুয়েল আবু জিনাপোর। অর্থনৈতিক সংকট ও বেকারত্বের মধ্যে সরকার কেন এত বড় অঙ্কের অর্থ ব্যয় করল, সে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে বিমান কেনার অর্থের উৎস ও পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
তবে সরকারের দাবি, পুরোনো বিমানটির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে গিয়েছিল এবং সেটি প্রায়ই অচল হয়ে পড়ত। নতুন বিমানটির উড্ডয়নক্ষমতা ও দূরপাল্লার যাত্রার সুবিধা বেশি। ফলে বিদেশ সফরের সময় মাঝপথে জ্বালানি নেওয়ার প্রয়োজনও কমবে।
সরকারি যোগাযোগবিষয়ক মন্ত্রী ফেলিক্স কোয়াকে ওফোসু বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে বলে নতুন বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং পুরোনো বিমানটির রক্ষণাবেক্ষণ এবং বিকল্প ব্যক্তিগত বিমান ভাড়া করার খরচ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
নতুন বিমানটির ভেতরে আলাদা শয়নকক্ষ ও বাথরুম থাকার খবরও ছড়িয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। সরকারের ভাষ্য, বিমানটির আসনগুলো হেলিয়ে ঘুমানোর উপযোগী করা যায়, কিন্তু এতে আলাদা কোনো শয়নকক্ষ বা বাথরুম নেই।
ঘানার অর্থনীতিবিদদের একাংশও বিমান কেনার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এত বড় ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরতে সরকারের বিস্তারিত ব্যয়-সুবিধা বিশ্লেষণ প্রকাশ করা প্রয়োজন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।