https://newsbdc.com/lifestyle/mweskdohzn
রক্ত দেওয়ার পর ত্বক থেকে মরা চামড়া ওঠে কেন?
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কাকলী হালদার বলেন, ‘রোগীকে রক্ত দেওয়ার পর তাঁর ত্বক শুষ্ক হওয়া ও মরা চামড়া ওঠার কারণগুলো বুঝতে হবে। যাঁদের শরীরে রক্ত দিতে হয়, তাঁরা সাধারণত অ্যানিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যানসার বা বড় কোনো অস্ত্রোপচারের মতো জটিলতায় ভুগে থাকেন। এসব দীর্ঘস্থায়ী রোগে শরীরের বিপাকপ্রক্রিয়া ব্যাহত হয় এবং ত্বক স্বাভাবিক আর্দ্রতা ও সজীবতা হারিয়ে ফেলে। তাই ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।’
রক্ত সঞ্চালনের পর ত্বকে শুষ্কতা ও খোসা ওঠার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২ ঘণ্টা আগে
পানি ও পুষ্টির ভারসাম্যহীনতা
রক্ত দেওয়ার আগে বা পরে অনেক রোগীর শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। শরীরের কোষে পর্যাপ্ত পানি ও পুষ্টির অভাব হলে ত্বকের উপরিস্তর বা এপিডার্মিস স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারে না। ফলে ত্বক শুষ্ক হয়ে খোসা বা মরা চামড়া উঠতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
রক্তশূন্যতা বা রক্তরোগের চিকিৎসায় রোগীকে বিভিন্ন ধরনের ওষুধ কিংবা কেমোথেরাপি দেওয়া হয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। ফলে ত্বকে খোসা ওঠার সমস্যা দেখা দেয়।
রোগ প্রতিরোধক্ষমতার প্রতিক্রিয়া
রক্ত সঞ্চালনের পর বিরল ক্ষেত্রে মৃদু অ্যালার্জি বা রোগ প্রতিরোধব্যবস্থার প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে ত্বকে প্রদাহ, চুলকানি বা র্যাশ হতে পারে। পরবর্তী সময়ে আক্রান্ত স্থানের ত্বক শুষ্ক হয়ে খোসা উঠতে পারে।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
ত্বকের শুষ্কতা দূর করতে করণীয়
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সুগন্ধিমুক্ত ও গভীর আর্দ্রতা জোগায় এমন ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ডা. কাকলী হালদার বলেন, ‘ত্বকের আর্দ্রতা ফেরাতে সুগন্ধিমুক্ত এবং ডিপ-হাইড্রেশনের ক্রিম, লোশন বা পেট্রোলিয়াম জেলি, যেমন কোল্ড ক্রিম বা সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার দিনে তিন-চারবার ব্যবহার করতে হবে। গোসল বা শরীর স্পঞ্জ করার পরপরই ভেজা ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।’
রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি, ডাবের পানি ও ফলের রস দেওয়া যেতে পারে। পাশাপাশি ভিটামিন এ, সি ও ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
গোসল বা শরীর স্পঞ্জ করার সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকের শুষ্কতা আরও বাড়তে পারে। কুসুম গরম পানি ব্যবহার এবং সংবেদনশীল ত্বকের উপযোগী মৃদু সাবান বেছে নেওয়া ভালো।
ত্বক থেকে মরা চামড়া উঠলে তা হাত দিয়ে টেনে তোলা যাবে না। এতে ত্বকে ক্ষত তৈরি হওয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। শুষ্কতা অতিরিক্ত বেড়ে গেলে কিংবা তীব্র চুলকানি, লালচেভাব বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, শুধু ত্বকের সমস্যার দিকে নজর না দিয়ে রক্তশূন্যতার মূল কারণ এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা নির্ণয় করাও জরুরি। সঠিক চিকিৎসা ও পরিচর্যায় ত্বকের এ ধরনের সমস্যা ধীরে ধীরে কমে আসতে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।