https://newsbdc.com/lifestyle/mwj3r63d9o
খনির বর্জ্যে গড়া যুক্তরাজ্যের অচেনা ‘আল্পস’ পাহাড়
এই এলাকার নাম ‘কর্নিশ আল্পস’। প্রায় ৩৫ বর্গমাইলজুড়ে বিস্তৃত অঞ্চলটি স্থানীয়দের কাছে ‘ক্লে কান্ট্রি’ নামেও পরিচিত। এখানকার সাদা পাহাড়গুলো প্রাকৃতিক নয়; চায়না ক্লে বা কাওলিন উত্তোলনের পর জমে থাকা বর্জ্য দিয়ে তৈরি হয়েছে এসব পাহাড়।
‘সাদা সোনা’র ইতিহাস
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২ ঘণ্টা আগে
১৭৪৬ সালে রসায়নবিদ উইলিয়াম কুকওয়ার্থি কর্নওয়ালে চায়না ক্লের সন্ধান পান। চীনামাটির বাসন তৈরির বিকল্প উপাদান খুঁজতে গিয়ে তিনি এই খনিজের গুরুত্ব বুঝতে পারেন। পরে এর ব্যবহার ছড়িয়ে পড়ে বিভিন্ন শিল্পে। টুথপেস্ট, প্রসাধনসামগ্রী ও চীনামাটির বাসন তৈরিতে ব্যবহৃত হওয়ায় খনিজটি স্থানীয়দের কাছে ‘সাদা সোনা’ নামে পরিচিতি পায়।
১৯১০ সালের দিকে বিশ্বের মোট চায়না ক্লে উৎপাদনের প্রায় ৫০ শতাংশ আসত কর্নওয়াল থেকে। তখন বছরে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১০ লাখ টন। দীর্ঘদিন ধরে চলা এই খনিশিল্পই অঞ্চলটির ভূপ্রকৃতিতে এনে দেয় বড় ধরনের পরিবর্তন।
ফিরোজা জলাধার ও সাদা পাহাড়
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
খননকাজে তৈরি বিশাল গর্তে পানি জমে গড়ে উঠেছে নীলাভ ও ফিরোজা রঙের জলাধার। দূর থেকে এগুলো দেখতে কানাডার রকি পর্বতমালার হিমবাহের হ্রদের মতো। তবে সৌন্দর্য দেখে আকৃষ্ট হলেও এসব জলাধারে সাঁতার কাটা বিপজ্জনক এবং নিষিদ্ধ।
এ অঞ্চলের বিখ্যাত পাহাড় ‘স্কাই টিপ’। ১৯৩০-এর দশক থেকে খনির বর্জ্য জমিয়ে এটি তৈরি করা হয়। ২০১৪ সালে পাহাড়টি সমতল করার প্রস্তাব এলে স্থানীয়রা প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত পাহাড়টি রক্ষা পায়। বর্তমানে এর চূড়ায় উড়ছে কর্নওয়ালের পতাকা।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
খনিভূমিতে ফিরছে প্রকৃতি
খনিশিল্পের ব্যস্ততা কমে যাওয়ায় পরিত্যক্ত এলাকাগুলোতে ধীরে ধীরে ফিরছে প্রকৃতি। ২০২৫ সালে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইমেরিস ২১ মাইল বা ৩৪ কিলোমিটার নতুন হাঁটার পথ খুলে দেয়। আগের পথসহ বর্তমানে এ অঞ্চলে প্রায় ৬২ কিলোমিটার পথ রয়েছে। এসব পথে হাঁটা, সাইকেল চালানো ও ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে।
ডাবার্স এলাকায় ২০২৪ সালের শেষ দিকে এক লাখের বেশি দেশীয় প্রজাতির গাছ লাগানো হয়। সেখানে এখন দেখা মেলে লাল হরিণ, ডরমাউস ও বিভিন্ন প্রজাতির পাখির।
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
এ ছাড়া একসময় খনি হিসেবে ব্যবহৃত বডেলভা পিটে গড়ে উঠেছে বিখ্যাত ‘ইডেন প্রজেক্ট’। এখানে কাচের গম্বুজের নিচে তৈরি করা হয়েছে উষ্ণমণ্ডলীয় বনভূমি। রয়েছে ৩০ একরজুড়ে বিস্তৃত বাগান।
খনিশিল্প এখনো কর্নওয়ালের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বছরে স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় চার কোটি পাউন্ড।
একসময় খনির বর্জ্য হিসেবে বিবেচিত পাহাড়গুলোই এখন কর্নওয়ালের গর্ব। শিল্পের ইতিহাস, স্থানীয় মানুষের স্মৃতি আর প্রকৃতির ফিরে আসার গল্প মিলিয়ে কর্নিশ আল্পস হয়ে উঠেছে যুক্তরাজ্যের এক অনন্য ভূদৃশ্য।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।