https://newsbdc.com/lifestyle/mwvypslx3l
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার মুকুট জিতলেন এক মা
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেতো। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ২৭ বছর বয়সী এই মনোবিজ্ঞানী ও সমাজকর্মী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে জোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ জয়ের মাধ্যমে পুয়ের্তো রিকো ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট অর্জন করল।
জেনিফার ব্যারেতো ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশের স্থলাভিষিক্ত হয়েছেন। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
আরও পড়ুন
শীতে তৃষ্ণা কম পেলেও শিশুর পানিশূন্যতা, যেসব লক্ষণে সতর্ক হবেন ১৭ মিনিট আগে
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
মা হওয়ার পরও বিশ্বমঞ্চে জয়
আরও পড়ুন
প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার ২৪ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২০২৩ সালে নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লেন জেনিফার।
তিনি জ্যঁ কার্লোস ব্যারেতোর স্ত্রী এবং সাত বছর বয়সী পেনেলোপে নামের এক কন্যাসন্তানের মা। প্রতিযোগিতার পুরো যাত্রায় স্বামী ও মেয়ের সমর্থন পেয়েছেন তিনি।
চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের যুগে মানুষের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি ধরে রাখা জরুরি—এমন প্রশ্নের উত্তরে জেনিফার বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। প্রযুক্তির অগ্রগতির মধ্যেও মানুষের নিজস্ব মূল্যবোধ ও নীতিতে অটল থাকা প্রয়োজন।
আরও পড়ুন
ভ্রমণে নতুন ঝোঁক, বাড়ছে নির্জন অবকাশ ও সুস্থতাকেন্দ্রিক পর্যটন ২৪ নভেম্বর ২০২৬
নেতৃত্বের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিশ্বে পেশাদারত্ব, সহমর্মিতা এবং মানুষের প্রয়োজন বোঝার সক্ষমতাসম্পন্ন নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন।
মানসিক স্বাস্থ্য ও সমাজকল্যাণে কাজ
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২৩ নভেম্বর ২০২৬
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই মানসিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন জেনিফার। যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন তিনি। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার সামরিক পরিবারের সদস্যদের সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছেন।
মিস ইউনিভার্সের মঞ্চকে কাজে লাগিয়ে নারীদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সুস্থতা এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন জেনিফার।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে র্যাম্পে হাঁটার কোনো অভিজ্ঞতা ছিল না তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এরপর অল্প সময়ের প্রস্তুতিতে জাতীয় পর্যায়ের শিরোপা জিতে বিশ্বমঞ্চে পুয়ের্তো রিকোর প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরটি বিশেষভাবে আয়োজন করা হয়। এ আয়োজনের জন্য তৈরি নতুন মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।