https://newsbdc.com/national/mwvz12u5ul
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারি চাকরিতে থেকে কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে এবং তা শনাক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীর সদস্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ জড়িত থাকলে তা কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। যাঁকে যেখানে চিহ্নিত করা হবে, তাঁর বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৪০ মিনিট আগে
কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন সময়ে নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হলেও এসব ঘোষণায় সরকার বিশেষ মনোযোগ দিচ্ছে না; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে।
আরও পড়ুন
মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির, নতুন আলোচনার অপেক্ষায় বাংলাদেশ ১ ঘণ্টা আগে
সরকার কোনো চাপ অনুভব করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ।
শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। তবে প্রকৃত শ্রমিকেরা এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং মজুরি বোর্ড তা ঘোষণা করেছে।
আওয়ামী লীগের কার্যক্রম ও বিচার প্রসঙ্গে
আরও পড়ুন
ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৪ ঘণ্টা আগে
আগামী ১৬ ডিসেম্বর কেউ কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারে—এমন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপারে কয়েকজন পলাতক নেতা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছেন বলে তিনি শুনেছেন। তাঁরা দেশে অবস্থানরত কিছু নেতাকে নির্দেশনা দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের ঘোষণার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনকে নিয়মিত কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বিজিবি কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে, জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ৪ ঘণ্টা আগে
দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত থাকলে বিচারিক প্রক্রিয়ায় তাদেরও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক কার্যক্রমের পর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।