https://newsbdc.com/national/mwvqn93wbx
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সকাল শুরু হলো বাইসাইকেল চালিয়ে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য এসব বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়।
মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ।
আরও পড়ুন
ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ৪ মিনিট আগে
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ৪৭ মিনিট আগে
এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বাইসাইকেল প্রদর্শনীর সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।