ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির, নতুন আলোচনার অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার কথা জবানবন্দিতে: অ্যাটর্নি জেনারেল বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক-কর কমাল এনবিআর সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর পল্টনে আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা
বাংলাদেশ

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির, নতুন আলোচনার অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ২৩
মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা চুক্তির, নতুন আলোচনার অপেক্ষায় বাংলাদেশ
সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে এখনো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা বা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ।


চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও ভারতের পক্ষ থেকে আলোচনার কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে নতুন চুক্তির বিষয়ে প্রস্তুতি শেষ করে আলোচনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।


গত রবিবার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ও পানিপ্রবাহের তথ্য পর্যালোচনা করে তৈরি প্রতিবেদনটি নির্ধারিত সময়ে দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে নতুন চুক্তি বা নবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। কারণ, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।


যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির বলেন, গঙ্গা চুক্তি দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এর সুষ্ঠু বাস্তবায়নে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ ও যৌথ পর্যালোচনা জরুরি।

আরও পড়ুন

ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ৩ ঘণ্টা আগে ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল


গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার দাবি


বাংলাদেশের অবস্থান হচ্ছে, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়; জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গায় পানিপ্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সেই নিশ্চয়তা চায় সরকার।


পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। ভারতের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।


আরও পড়ুন

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা আগে তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এই ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।


কীভাবে বণ্টন হয় গঙ্গার পানি


১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।


চুক্তির হিসাব অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।


আরও পড়ুন

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ৩ ঘণ্টা আগে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না।


আলোচনার প্রস্তুতি বাংলাদেশের


নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।


বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

আরও পড়ুন

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে ৪ ঘণ্টা আগে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে


অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গার পানি বণ্টন শুধু পানিসম্পদের বিষয় নয়; এর সঙ্গে কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতি জড়িত। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়—এমন চুক্তি চায় সরকার।


নতুন চুক্তির আলোচনায় ভারতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্বার্থও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ বজায় রাখা, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।


শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প ৪ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। পানিপ্রবাহ কমে গেলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, গঙ্গা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।


বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও সেটি এখনো বাস্তবায়িত হয়নি।


ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। নতুন চুক্তিতে পানির হিস্যার পাশাপাশি প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমের সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানির ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন