https://newsbdc.com/national/mw20fjxkji
কসোভোর জনগণ স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। বুধবার (৪ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। কসোভোর জনগণ নিজেদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দুই দেশের জনগণের মধ্যেও সংস্কৃতির নিবিড় সম্পৃক্ততা রয়েছে।
আরও পড়ুন
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন ৩৭ মিনিট আগে
স্পিকার বলেন, বিগত ১৭ বছরে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে এ দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বিগত সরকারের শাসনামলের নৃশংসতার চিত্র উঠে এসেছে বলেও উল্লেখ করেন স্পিকার।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান হয় এবং বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন বলে জানান স্পিকার।
আরও পড়ুন
সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তরুণীর ফের ৩ দিনের রিমান্ড ১ ঘণ্টা আগে
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, বাংলাদেশে নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমান সংসদের সদস্যদের সংসদীয় বিতর্কে সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়। বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী মানসম্মত শিক্ষা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
রাষ্ট্রদূত কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্পিকারকে কসোভো সফরের আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন
ঈদুল ফিতর ও আজহায় ছুটির দিন নির্ধারণ করল সরকার ১ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সংসদীয় ককাস গ্রুপ গঠন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
বৈঠকে কসোভোর দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।