https://newsbdc.com/entertainment-dhallywood/mw217xyh2a
বোটক্লাব ভাঙচুরের মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আরও পড়ুন
জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ১ ঘণ্টা আগে
এর আগে ২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ আদালতে এ মামলা করেন। মামলায় পরীমনি ছাড়াও তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।
মামলাটিতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই দিন পরীমনি আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি জামিন নেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে মদপান করেন। পরে ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের কাছে বিনামূল্যে মদের বোতল নিতে চান। এতে রাজি না হওয়ায় ক্লাব ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ ৫ ঘণ্টা আগে
এজাহারে আরও বলা হয়, রাত সোয়া ১টার দিকে নাসির উদ্দিন ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাঁকে ডাক দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পরীমনি একটি সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ফোন নাসির উদ্দিনের দিকে ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির বিরুদ্ধে ঢাকার সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধেও মাদক মামলা হয়েছিল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।