ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
রাজনীতি

স্থানীয় নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে বিএনপির উদ্যোগ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২৩: ৫৬
স্থানীয় নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে বিএনপির উদ্যোগ
সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি জোরদার করছে বিএনপি। দলীয় প্রতীক না থাকায় একই এলাকায় একাধিক নেতার প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখছেন দলটির নীতিনির্ধারকেরা। এতে ভোট ভাগাভাগি ও অভ্যন্তরীণ বিরোধের আশঙ্কা এড়াতে আগেভাগেই একক প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ে স্থানীয় জনপ্রিয়তা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক অবদান ও নির্বাচনে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দিতে চায় দলটি।

সম্প্রতি গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ৮ ঘণ্টা আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছে কেন্দ্রীয় কমিটি। এসব আলোচনায় স্থানীয় সাংগঠনিক অবস্থান, সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত নেওয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ২৩ অক্টোবর ২০২৬ প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য বিএনপি চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা সম্প্রতি গুলশান কার্যালয়ে বসে চারটি বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে ‘জুম মিটিং’ করেছেন। এসব বৈঠকে তাঁরা নানা দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিএনপির প্রকৃত সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। শিগগিরই বাকি বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র বলছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতসহ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে মাঠপর্যায়ে জরিপ চালিয়ে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীদের তালিকা তৈরি করে জেলার নেতাদের কাছে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিরোধ কমিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি ২৩ অক্টোবর ২০২৬ শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থিতার জানান দিচ্ছেন তাঁরা।

গত মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না। যোগ্য এবং জনগণের ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান ২২ অক্টোবর ২০২৬ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী ২২ অক্টোবর ২০২৬ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনি এনপিবি নিউজকে বলেন, ‘জনগণের প্রত্যাশা ও স্থানীয় পর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী করা হবে বলে আমি মনে করছি। এ ছাড়া দল যাঁদের প্রার্থী ঘোষণা করবে, নেতাকর্মীরা তাঁদের পক্ষে কাজ করবেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এনপিবি নিউজকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একজন করেই প্রার্থী দেবে বিএনপি। অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, দলের জন্য মামলা-হামলার শিকার হয়েছেন এবং এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে—এমন নেতাদের মূল্যায়ন করা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এনপিবি নিউজকে বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় অনেকেই প্রার্থী হতে চাইবেন। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন বিএনপি কঠোরভাবে পরিচালনা করবে বলেও জানান তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন