https://newsbdc.com/politics/mvyv0zo751
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ৬ ঘণ্টা আগে
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। ওই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুসারে চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী ১৩ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।
পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।