https://newsbdc.com/sara-desh/mvw040kszl
মাগুরায় পুলিশ পরিচয়ে ১৫০ ভরি সোনা ডাকাতি, গ্রেপ্তার ৫
মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ১৫০ ভরি সোনা ও নগদ টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি বার উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা মো. মজিবর রহমান একজন সোনা ব্যবসায়ী। গত ৬ অক্টোবর তিনি ঢাকার তাঁতীবাজারের পীযূষ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫০ ভরি সোনা সংগ্রহ করেন। সোনাগুলো ঝিনাইদহের ব্যবসায়ী অনিমেষ মজুমদারের কাছে পৌঁছে দিতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার সায়েদাবাদ থেকে রওনা হন।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৭ ঘণ্টা আগে
বাসটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় পৌঁছালে ১২ থেকে ১৫ জনের একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামায়। পরে মজিবর রহমানকে জোর করে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।
এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁর কাছে থাকা সোনা বের করে দিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তাঁকে লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। মাথা সরিয়ে নেওয়ায় আঘাতটি তাঁর ডান কাঁধে লাগে। এতে তাঁর কাঁধের হাড় ভেঙে যায়। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর করে প্যান্টের বেল্টের নিচে বিশেষভাবে তৈরি পকেটে রাখা ১৫০ ভরি তেজাবি সোনার দণ্ড ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।
মজিবর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ভয়ভীতি দেখিয়ে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৭ ঘণ্টা আগে
ঘটনার পর আহত মজিবর রহমান মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। নিরাপত্তাহীনতার কারণে প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি মাগুরা ছেড়ে চলে যান। পরে ১৫ অক্টোবর মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দেন। এরপর ২৮ অক্টোবর রাতে পেনাল কোডের ১৭০, ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহের সোনা ব্যবসায়ী অনিমেষ মজুমদারকে (৫৫)। তিনি ঝিনাইদহের গীতাঞ্জলি সড়কের গিনি হাউস নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক।
আরও পড়ুন
গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার ৭ ঘণ্টা আগে
পরে একই মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মামলায় পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা মো. জুয়েল হোসেন, তৌকির আহমেদ এবং মারুফ হোসেনের শ্বশুর ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট পাঁচজন গ্রেপ্তার হলেন।
আরও পড়ুন
তিন চাকার যান বন্ধের দাবিতে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ ১৪ ঘণ্টা আগে
গ্রেপ্তারদের মধ্যে জুয়েল হোসেন ও তৌকির আহমেদ কারাগারে রয়েছেন। মারুফ হোসেনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মাদ আশরাফুজ্জামান।
সোনা ডাকাতির ঘটনার কিছুদিন পরই মাগুরায় ঘটে চাঞ্চল্যকর যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ড। গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত হন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন (৩৯)।
এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন। মামলার পরদিন রাতে রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুম (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
আরও পড়ুন
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার ১৬ ঘণ্টা আগে
সোনা ডাকাতি ও যুবদল নেতা হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, চাঞ্চল্যকর সোনা ডাকাতি ও যুবদল নেতা হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনার পাঁচটি টুকরা জব্দ করা হয়েছে। দুটি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। শিগগিরই ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।