https://newsbdc.com/sara-desh/mwkbd5oswu
খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু, বসানো হচ্ছে এআই ক্যামেরা
গতকাল সোমবার সকাল ১১টা থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), এসআরবি-৬, খুলনা জেলা প্রশাসন ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে দুটি যৌথ দল নগরীতে টহল শুরু করে।
কেএমপির সহকারী কমিশনার হুমায়ুন কবির জানান, সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে যৌথ দলের মহড়া শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বিকেল ৩টায় তা শেষ হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও রেজওয়ানুর রশীদ কয়েকজন মাদক বিক্রেতাকে জরিমানা করেন। এখন থেকে প্রতিদিন যৌথ মহড়া চলবে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ৬ ঘণ্টা আগে
এদিকে, নগরীতে প্রবেশ করা যানবাহন ও ব্যক্তিদের শনাক্ত করতে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে কেসিসি। এ বিষয়ে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানকে জরিপের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে গত রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে মারে। তবে সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।
পুলিশ জানায়, মধ্যরাতে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। তারা সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকালে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনও তদন্ত কমিটি গঠন করবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি নগরীতে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
খুলনার দুই তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
এদিকে, খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখ ও হোসেন ঢালীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত রোববার রাতে গাজীপুরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ দল আজম শেখকে গ্রেপ্তার করে। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় হোসেন ঢালীকে। সোমবার এসআরবি-৬-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।