https://newsbdc.com/sports-cricket/mvz36xm6nv
গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা আক্তার
গোড়ালির চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে খেলতে পারবেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আসন্ন সিরিজে এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।
আগামী ৪ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে চোটের কারণে বর্তমানে চার সপ্তাহের বিশ্রামে রয়েছেন মারুফা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আবার হাঁটাচলা শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ১৩ ঘণ্টা আগে
বিসিবির নারী বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে মারুফাকে পাওয়া যাবে না। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরে তিনি থাকছেন না। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। পুরোপুরি সুস্থ হওয়ার পরই যেন তিনি ফেরেন, তা নিশ্চিত করতে চাই।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘তার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই যতটা সময় প্রয়োজন, তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন। পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’
আরও পড়ুন
বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড ১৪ ঘণ্টা আগে
মারুফার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ের গোড়ায় ক্ষয় দেখা দিয়েছে। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি এয়ারকাস্ট বুট ব্যবহার করছেন।
আরও পড়ুন
নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার আরও দুই ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি ১৫ ঘণ্টা আগে
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে তাতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এ কারণে সফরের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট।
মারুফার সুস্থ হয়ে ওঠার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। ফলে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা নেই বোর্ডের।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।