https://newsbdc.com/sports-football/mvz2z7gsrf
নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার আরও দুই ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি
বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের হাতে পৌঁছে গেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলের আন্দ্রে লুইজ ও আর্জেন্টিনার ফ্লাকো লোপেজকে লাল-সবুজের জার্সি উপহার দিয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহনুর রুমেন। এর আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হাতেও বাংলাদেশের জার্সি তুলে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে লুইজ। গতকাল তাঁর হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়া হয়। অন্যদিকে, আজ আর্জেন্টাইন ফুটবলার ফ্লাকো লোপেজের হাতে জার্সিটি তুলে দেন শাহনুর রুমেন। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের এই স্ট্রাইকার সর্বশেষ ফিফা বিশ্বকাপেও খেলেছেন।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ১৩ ঘণ্টা আগে
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের হাতে বাংলাদেশের জার্সি পৌঁছে দেওয়ার এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তাঁর নাম শাহনুর রুমেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা শাহনুর রুমেন ভাগ্যের সন্ধানে এক যুগেরও বেশি সময় আগে ব্রাজিলে পাড়ি জমান। সেখানে কাজের পাশাপাশি যুক্ত হন আলোকচিত্র সাংবাদিকতায়। বর্তমানে তিনি ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে দেশটির বড় বড় ফুটবল ক্লাব ও ফুটবলারদের নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন
বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড ১৪ ঘণ্টা আগে
গত এপ্রিলে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দিয়ে আলোচনায় আসেন শাহনুর রুমেন। এরপর গত মে মাসে তিনি সাক্ষী হন আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তের।
আরও পড়ুন
গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা আক্তার ১৫ ঘণ্টা আগে
গত ১৮ মে ফিফা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০০ পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিবন্ধিত ফটোসাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন শাহনুর রুমেনও।
শুধু ব্যক্তিগত পরিচিতি বা যোগাযোগের জায়গা থেকেই নয়, বিশ্ব ফুটবলের আঙিনায় বাংলাদেশের নাম আরও পরিচিত করে তুলতেই তাঁর এমন উদ্যোগ। দেশের বাইরে থেকেও শাহনুর রুমেনের এই প্রচেষ্টা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের জার্সি ও পরিচিতি তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।