https://newsbdc.com/sports-cricket/mwafnyuy2p
ওপেনার সংকট কাটাতে রবিনকে নিয়ে নতুন পরীক্ষা
সিলেট টেস্টে সাদমান ইসলাম চোটে পড়ার পর বিকল্প ওপেনার খুঁজে পায়নি বাংলাদেশ। দল ঘোষণার সময়ও স্কোয়াডে বিকল্প ওপেনার রাখা হয়নি। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো সময় কাটালেও ওপেনিংয়ে বিকল্প তৈরিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দীর্ঘদিনের আরেকটি সমস্যা ডানহাতি ওপেনারের অভাব। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের শুরু পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য প্রতিপক্ষের বোলারদের জন্যও বাড়তি সুবিধা তৈরি করে। এই ঘাটতি পূরণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম—দুজনই বাঁহাতি। বিভিন্ন সময়ে দলের সঙ্গে থাকা মাহমুদুল হাসান জয় ও সৌম্য সরকারও বাঁহাতি ব্যাটসম্যান। ফলে ডানহাতি ওপেনারের সংকট দীর্ঘদিনের। এই ঘাটতি পূরণে রবিনকে সম্ভাবনাময় বিকল্প মনে করছেন নির্বাচকেরা। তবে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে তাঁর সামনে চ্যালেঞ্জও কম নয়।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, এই চ্যালেঞ্জ নেওয়া জরুরি। তিনি বলেন, ‘চ্যালেঞ্জটা তো নিতেই হবে। আমাদের টেস্ট দলের ব্যাটিং লাইনআপ দেখলে বুঝবেন, পরপর চারজন বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা একটু অস্বাভাবিক। আমরা শুরু থেকেই একজন ডানহাতি ওপেনার খুঁজছিলাম।’
জাতীয় লিগের চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন রবিন। ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে করেছেন ৬৭২ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুটি অর্ধশতক। এর মধ্যে একটি সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়েছে নির্বাচকদের জন্য।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘রবিনকে দলে নেওয়ার পেছনে আমাদের প্রথম চিন্তা ছিল, একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব জরুরি। আপনারা জানেন, আমরা আগেও বিষয়টি নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত কেউ ছিল না। রবিনকেও আমরা আরও কিছুটা সময় দিতে চেয়েছিলাম, যেন সে নিজেকে প্রস্তুত করতে পারে। তবে আমার মনে হয়, সে নিজেকে প্রমাণ করেছে।’
শুধু জাতীয় লিগের পারফরম্যান্স নয়, প্রথম শ্রেণির ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও বিবেচনায় নিয়েছেন নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন রবিন। সুমনের মতে, প্রথম শ্রেণির ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে তাঁর পারফরম্যান্সে সম্ভাবনার ছাপ রয়েছে। টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য বিবেচনায় একজন ডানহাতি ব্যাটসম্যান প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই রবিনকে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬
জাতীয় লিগের পারফরম্যান্স বিবেচনায় দলে জায়গা পেয়েছেন নাঈম শেখও। সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো ব্যাটিং করছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। নির্বাচকদের চোখে, সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেকে আবারও প্রস্তুত প্রমাণ করেছেন নাঈম।
আরও পড়ুন
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ২০ নভেম্বর ২০২৬
এদিকে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেসারদের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। দলে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টি সিরিজের আগে পাওয়া যাবে না বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।