https://newsbdc.com/sports-football/mwd5l3fpud
নিরাপত্তা উদ্বেগে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের দল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে বাতিল করা হয়েছে দলের প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প।
বুধবার খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
সিদ্ধান্তের পেছনে কাতার ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা তৃতীয় স্তরের সতর্কতা এবং দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের বিষয়ে দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করেছে ফেডারেশন।
চিঠিতে বলা হয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে
ফেডারেশন বুধবারই খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবকে সিদ্ধান্তের বিষয়টি জানাতে বলেছে। পাশাপাশি ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিফা।
গত মাসে কাতার ভ্রমণ নিয়ে সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয় মার্কিন নাগরিকদের। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় দলটি। ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।