ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
শিক্ষা

অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা এ বছর এইচএসসিতে, এসএসসিতে আগামী বছর

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১: ১৩
অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা এ বছর এইচএসসিতে, এসএসসিতে আগামী বছর
সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিমালা তৈরির প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও নীতিমালা সম্পন্ন করে ২০২৭ সাল থেকে এসএসসিতে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।


অন্যদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।


শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিষয়ে কর্মপরিকল্পনা জমা দিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দিয়েছে। কর্মপরিকল্পনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।


মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে এসএসসি বা সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাধারণত পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি তৈরি হয়। কেউ কেউ পড়াশোনা ছেড়ে কর্মজীবনে প্রবেশ করে। দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ চালু হলে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিয়ে আলোচনা


প্রস্তাবিত ব্যবস্থায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকদের কেউ কেউ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৭ ঘণ্টা আগে ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সমকালকে বলেন, বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত সনদ ও নম্বরপত্র পাবে না। সংশ্লিষ্ট বিষয়ে পাস করার পর ফলাফল ও নম্বরপত্র দেওয়ার ব্যবস্থা রাখা হতে পারে।


মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাদের শিক্ষাবর্ষ কীভাবে নির্ধারিত হবে এবং মূল ফল প্রকাশের কত দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে—এসব বিষয় নীতিমালায় স্পষ্ট করা প্রয়োজন।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সম্পূরক পরীক্ষা গ্রহণের পদ্ধতি নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ, একাদশ শ্রেণিতে ভর্তি এবং পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন বিষয় নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।


তিনি বলেন, ১৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এরপর পরিকল্পনার ভিত্তিতে মন্ত্রণালয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে পারে।


এ বছর এসএসসিতে নতুন ব্যবস্থা চালু হচ্ছে না


আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি ১৮ ঘণ্টা আগে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর থেকেই এসএসসিতে সম্পূরক পরীক্ষা চালুর পরিকল্পনা ছিল। কিন্তু গত ১০ আগস্ট ফল প্রকাশের পর ইতোমধ্যে প্রায় দুই মাস পেরিয়ে গেছে। এই অল্প সময়ে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা কঠিন বলে মনে করছেন পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ ছাড়া কত বিষয়ে অকৃতকার্য হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে, কীভাবে ফল নির্ধারণ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে কীভাবে অন্তর্ভুক্ত করা হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ফলে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না।


তবে শিক্ষা বোর্ডগুলোর মতে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ক্ষেত্রে সম্পূরক পরীক্ষা নেওয়ার সুযোগ থাকতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।


যেভাবে হতে পারে সম্পূরক পরীক্ষা


আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দ্রুত সম্পূরক পরীক্ষা আয়োজনের জন্য কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মূল পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সময় অতিরিক্ত একটি সেট প্রস্তুত রাখা এবং ফল প্রকাশের পর অকৃতকার্য বিষয়ে পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের নতুন করে ফরম পূরণের সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে।


এ ছাড়া সীমিতসংখ্যক কেন্দ্রে পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব প্রস্তাব এখনো আলোচনাধীন। চূড়ান্ত নীতিমালায় পরীক্ষার পদ্ধতি ও আয়োজনের নিয়ম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ২৩ অক্টোবর ২০২৬ এসএসসি ২০২৬-এ অকৃতকার্যদের বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি


গত ১০ আগস্ট প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


পুনর্নিরীক্ষণের পর ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। প্রথমবার অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭।


তিন থেকে ছয় মাসের মধ্যে পুনঃপরীক্ষার প্রস্তাব


এর আগে ১০ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সাল থেকে এ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।


মাহদী আমিন বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর ২১ অক্টোবর ২০২৬ ডিভি লটারি নিয়ে নতুন নির্দেশনা, আবেদন শুরুর সময়সীমা ১ নভেম্বর


অন্যদিকে, মঙ্গলবার বগুড়ায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।


তিনি আরও বলেন, সম্পূরক পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সাধারণ ধারার শিক্ষায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি শিক্ষায় স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হবে।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সম্পূরক পরীক্ষা নেওয়ার বিষয়ে বোর্ডগুলো তাদের মতামত মন্ত্রণালয়কে জানিয়েছে। তাঁর মতে, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ক্ষেত্রে চলতি বছরই ব্যবস্থা চালু করা সম্ভব হতে পারে। তবে এসএসসিতে তা আগামী বছর থেকে চালু করা যেতে পারে।


সম্পূরক পরীক্ষা চালুর সম্ভাব্য সুফল


বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীকে সাধারণত পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। শিক্ষার্থী চাইলে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণেও প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।


আরও পড়ুন

নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর ১৯ অক্টোবর ২০২৬ নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষাবিদ ও শিক্ষা বোর্ডের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের মতে, পরিকল্পিতভাবে সম্পূরক পরীক্ষা চালু করা গেলে এ দীর্ঘ অপেক্ষা কমানো সম্ভব। অকৃতকার্য বিষয়ে দ্রুত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। তবে নতুন ব্যবস্থা চালুর আগে পরীক্ষার নিয়ম, মূল্যায়ন পদ্ধতি, ফল প্রকাশ, সনদ প্রদান এবং উচ্চশিক্ষায় ভর্তির সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো স্পষ্ট করা জরুরি।


বিভিন্ন দেশে পুনঃপরীক্ষার ব্যবস্থা


বিশ্বের বিভিন্ন দেশেও পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ভারতে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা রেখেছে।


পাকিস্তানের ফেডারেল বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের অধীনে প্রথম বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা পরবর্তী বার্ষিক পরীক্ষার আগে ‘সেকেন্ড অ্যানুয়াল এক্সামিনেশন’-এ অংশ নিতে পারে।


যুক্তরাজ্যে জিসিএসই পরীক্ষায় ইংরেজি ও গণিতে প্রয়োজনীয় গ্রেড না পাওয়া শিক্ষার্থীদের নভেম্বর মাসে পুনরায় পরীক্ষার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকায়ও দ্বাদশ শ্রেণির জাতীয় সনদ পরীক্ষায় নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে পুনঃপরীক্ষার ব্যবস্থা রয়েছে।


দেশভেদে পরীক্ষার সময়, যোগ্যতা ও নিয়মে পার্থক্য থাকলেও এসব দেশে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার নজির রয়েছে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা চালুর সময় ও পদ্ধতি নির্ধারণে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন