https://newsbdc.com/education/mwx6g8af69
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৯৪ দশমিক ১২ শতাংশ বইয়ের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ২৫ মিনিট আগে
তিনি জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই শেষ হয়েছে।
ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৯২ শতাংশ বই। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪টি ব্রেইল বই ছাপানো হচ্ছে।
বই বিতরণের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, বার্ষিক পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী ২৩ ঘণ্টা আগে
তবে চূড়ান্ত তারিখ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পর ঘোষণা করা হবে।
তিনি আরো জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
আরও পড়ুন
ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ২৪ নভেম্বর ২০২৬
বই বিতরণে আগের বছরের আয়োজনের ধরনেও পরিবর্তন আসছে। চেয়ারম্যান বলেন, আগে কিছু বই ছাপা না হলেও অল্প কয়েকটি বই কিংবা রেপ্লিকা দিয়ে বই উৎসব করা হতো।
পরে মার্চ-এপ্রিল পর্যন্ত বই সরবরাহ চলত। এবার শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পহেলা জানুয়ারির বড় আয়োজনের পরিবর্তে এবার শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
নতুন বইয়ের মান প্রসঙ্গে তিনি বলেন, কাগজ, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং বই সহজে ছিঁড়ে যায় কি না—এসব বিষয় যাচাই করে গুণগত মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের মান ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২৩ নভেম্বর ২০২৬
এদিকে নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলাধুলায় আগ্রহী করাই এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কারিগরি শিক্ষার বই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।