https://newsbdc.com/education/mwx9ejx8hq
উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। শাটডাউন চলাকালে সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।
আরও পড়ুন
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা ১ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের বক্তব্য, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। তবে সংকট নিরসনে এখনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হতে হবে: শিক্ষামন্ত্রী ২৩ ঘণ্টা আগে
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফা খালিদ বিন শামস বলেন, দুই মাস ধরে চলা আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।
শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।
আরও পড়ুন
ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ২৪ নভেম্বর ২০২৬
আলোচনা সভা শেষে রাত ২টায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।