https://newsbdc.com/entertainment/mwkaxf1ycy
জন্মদিনে রুনা লায়লা: ‘আমি সত্যিই ভাগ্যবতী, সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন’
জন্মদিন উপলক্ষে ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের সদস্যদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে তিনি বলেন, সবার অসামান্য ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কারণেই আজকের এই অবস্থানে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
গান গাওয়ার প্রতিভাকে সৃষ্টিকর্তার উপহার উল্লেখ করে রুনা লায়লা বলেন, সেই উপহার সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি পরিতৃপ্ত। ভক্তদের জন্য আরও অনেক দিন গান গেয়ে যেতে চান বলেও জানান তিনি।
ভিডিও বার্তায় সবাইকে ভালোবাসার আহ্বান জানিয়ে এই শিল্পী বলেন, নিজেকে ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে এবং পরস্পরের যত্ন নিতে হবে।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
ভিডিওর পাশাপাশি একটি লিখিত বার্তাও প্রকাশ করেছেন রুনা লায়লা। সেখানে জন্মদিনে পাওয়া অসংখ্য ফোন, বার্তা, দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’
ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তাদের সঙ্গে আরও অনেক জন্মদিন কাটানোর আশাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার পৈতৃক বাড়ি রাজশাহীতে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সংগীতশিল্পী। মামা সুবীর সেনও ছিলেন খ্যাতিমান শিল্পী। সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে ওঠা রুনা লায়লা মাত্র আড়াই বছর বয়সে বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান।
শৈশবে নাচের প্রতি আগ্রহ থাকলেও পরে সংগীতচর্চায় মনোযোগী হন তিনি। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’-তে ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তার। একই সময়ে পাকিস্তান টেলিভিশনেও গান শুরু করেন। ষাটের দশকে উর্দু সিনেমা ও পাকিস্তানি টেলিভিশনে নিয়মিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
সত্তরের দশকের গোড়ার দিকে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন রুনা লায়লা। বলিউডে তার গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা সিনেমায় কাজের শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও নিজের কণ্ঠ ও সংগীতপ্রতিভা দিয়ে সেসব মোকাবিলা করেন তিনি।
বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ ১৭টি ভাষায় গান করেছেন রুনা লায়লা। তার গানের সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানা যায়।
আরও পড়ুন
উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক ১৯ নভেম্বর ২০২৬
গান রেকর্ডিংয়েও রয়েছে তার বিশ্বরেকর্ড। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে তিন দিনে মোট ৩০টি গান রেকর্ড করেন তিনি। পরে এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।
সাতবার শ্রেষ্ঠ গায়িকা ও একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।