https://newsbdc.com/international/mwx83hqgnl
উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর
ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। কংগ্রেস ১২৬টি আসনে লড়ার প্রস্তাব দিলেও এসপি তাদের মাত্র ২৬টি আসন ছাড়তে চায়। এ প্রস্তাবে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা বলেছেন, তারা কারও কাছে ভিক্ষা চাইছেন না। এর মধ্যেই আলোচনা শেষ হওয়ার আগে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে অখিলেশ যাদবের দল।
বুধবার (২৫ নভেম্বর) এ বিরোধ নিয়ে কংগ্রেস ও এসপিকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘রাধে রাধে, তো সবে শুরু। এসপির জন্য রাম নাম সত্যের সময় এগিয়ে আসছে।’
আরও পড়ুন
গাজায় হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি ইসরাইলের ১ ঘণ্টা আগে
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সোমবার ও মঙ্গলবার দিল্লিতে দুই দলের নেতাদের বৈঠক হয়। বৈঠকে কংগ্রেস উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১২৬টিতে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেয়। তবে এসপির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব জানান, আগের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তারা কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি।
এসপির প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রাজেন্দ্রপাল গৌতম জানিয়েছেন, তাদের দল ১০০টির কম আসনে লড়তে প্রস্তুত নয়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, ‘আমরা ভিক্ষা চাইছি না।’
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম ৩ ঘণ্টা আগে
এসপির ঘোষিত পাঁচ প্রার্থীর মধ্যে দুটি আসন ইমরান মাসুদের লোকসভা কেন্দ্র সহারানপুরের অন্তর্ভুক্ত। মঙ্গলবার ঘোষিত তালিকায় বেহট আসনে উমর আলি খান, সহারানপুর দেহাতে আশু মালিক, কাইরানায় নাহিদ হাসান, আমরোহায় মাহবুব আলি এবং ললিতপুরে জ্যোতি লোধিকে প্রার্থী করেছে এসপি।
ইমরান মাসুদের অভিযোগ, আলোচনা চলার মধ্যে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হলে আসন সমঝোতার বৈঠকের কোনো অর্থ থাকে না। বিজেপিবিরোধী রাজনীতিতে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ২৩ ঘণ্টা আগে
দুই দলের বিরোধের সুযোগ নিয়ে কংগ্রেস ও এসপিকে আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, দল দুটি রামভক্তদের অনুভূতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে তাদের কোনো চিন্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।
অখিলেশ যাদবের অযোধ্যা সফরের পরিকল্পনা নিয়েও কটাক্ষ করেন যোগী। তিনি বলেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, শেষ পর্যন্ত তারা ডুবে যায়। নব্বইয়ের দশকে মুলায়ম সিং যাদবের মুখ্যমন্ত্রিত্বের সময় রামভক্তদের ওপর গুলি চালানোর প্রসঙ্গ তুলে এসপিকে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
আসন ভাগাভাগির হিসাব নিয়েও দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করে বেশি আসন চাইছে। অন্যদিকে এসপি ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং প্রার্থীদের জয়ের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিতে চায়।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে জোটসঙ্গীদের নিয়ে ৩৪৭টি আসনে লড়ে ১১১টিতে জয় পায় এসপি। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েও মাত্র সাতটিতে জিতেছিল কংগ্রেস।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুই দলের জোট ভালো ফল করে। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭টিতে জয় পায় এসপি। কংগ্রেস ১৭টি আসনে লড়ে জয় পায় ছয়টিতে। ওই ফলাফলকে সামনে রেখেই এবার আসন ভাগাভাগিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কংগ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে অন্তত ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে অখিলেশের দল। আসন সমঝোতা নিয়ে দুই দলের পরবর্তী বৈঠক ২৭ নভেম্বর হওয়ার কথা রয়েছে। তার আগেই পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করায় জোটের ভেতরের বিরোধ আরও জোরালো হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।