https://newsbdc.com/lifestyle/mwkgmb0kv6
পার্কে ঘুরে বিদেশিদের সঙ্গে কথা বলে ইংরেজি শিখছে ছয় বছরের হিউ
মুখে হাসি নিয়ে বলে, ‘হ্যালো, আই অ্যাম হিউ। আই অ্যাম ফ্রম ভিয়েতনাম।’ শিশুটির নাম হা নগক হিউ। কয়েক মাস ধরে হ্যানয়ের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রকেই সে বানিয়েছে ইংরেজি শেখার উন্মুক্ত শ্রেণিকক্ষ।
হিউর ইংরেজি শেখার ব্যতিক্রমী গল্প এখন ভিয়েতনামের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের সঙ্গে তার কথা বলার ভিডিও লাখো মানুষের নজর কেড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি ভাষা শেখার এই আনন্দময় চর্চা শেষে প্রতি সপ্তাহে মায়ের কাছ থেকে পুরস্কার হিসেবে পায় তার প্রিয় আইসক্রিম।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ৩৯ মিনিট আগে
হিউর এই সাফল্যের পেছনে রয়েছে মায়ের বিশেষ উদ্যোগ। তার মা হোয়াং নগক আন নিজে ইংরেজি খুব একটা জানেন না। হিউর বয়স যখন সাড়ে পাঁচ বছর, তখন তাকে স্থানীয় একটি ইংরেজি ক্লাসে ভর্তি করানো হয়েছিল। কিন্তু নানা সীমাবদ্ধতায় কিছুদিন পর সেই ক্লাস বন্ধ হয়ে যায়। ছেলের ভাষা শেখার আগ্রহ যেন থেমে না যায়, সে জন্য নিজেই উদ্যোগী হন মা।
ইংরেজি না জানলেও ইন্টারনেট ও বিভিন্ন এআই টুলের সাহায্যে উচ্চারণ শেখা শুরু করেন তিনি। পাশাপাশি ঘরে ছেলেকে কার্টুন ও ইংরেজি ভাষার বিভিন্ন কনটেন্ট দেখিয়ে ভাষাটির সঙ্গে পরিচিত করে তোলেন।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
একপর্যায়ে হিউর প্রয়োজন হয় বাস্তবে ইংরেজি বলার অনুশীলনের। একদিন মা জানতে চান, বিদেশিদের সঙ্গে কথা বলতে তার ভয় করে কি না। ছোট্ট হিউর সহজ উত্তর, ‘ওরা কি ভূত নাকি? ভয় পাব কেন!’ ছেলের আত্মবিশ্বাস দেখে মায়েরও সাহস বেড়ে যায়।
গত জুন থেকে প্রতি শনি ও রোববার সকালে মা-ছেলে হাজির হতে শুরু করেন হয়ান কিয়েম হ্রদের পাড়ে। প্রথম দিকে মা অনুবাদ অ্যাপের সাহায্যে পর্যটকদের বুঝিয়ে বলতেন, তার ছেলে ইংরেজি চর্চা করতে চায়। শুরুতে হিউ নিজের নাম, বয়স ও জাতীয়তা জানিয়ে কথা বলত। পরে তার কৌতূহল ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশের ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও বন্য প্রাণী নিয়ে আলোচনায়।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
ইসরায়েল, তিউনিসিয়া, যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি—বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে কথা বলতে বলতে হিউ শুধু ইংরেজিই শিখছে না, বিশ্ব সম্পর্কেও জানছে। কোনো পর্যটকের সঙ্গে কথা বলার পর বাড়ি ফিরে মা-ছেলে মিলে সেই দেশ সম্পর্কে আরও পড়াশোনা করেন। এতে পরেরবার দেখা হলে নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়।
পর্যটকেরাও হিউর বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসে মুগ্ধ হন। কেউ তাকে কোলে তুলে নেন, কেউ আবার দীর্ঘ সময় ধরে গল্প করেন। বিদায়ের সময় হিউ তার দেশের প্রতীক হিসেবে পর্যটকদের হাতে তুলে দেয় কাঠের তৈরি ছোট ড্রাগন কিংবা অন্য কোনো স্মারক উপহার।
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
টিকটক ও ইউটিউবে মা-ছেলের এই উদ্যোগের ভিডিওগুলো ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এত সাফল্যের পরও হিউর মায়ের কোনো নির্দিষ্ট লক্ষ্য বা অতিরিক্ত প্রত্যাশা নেই। তিনি চান না, তার ছেলে শৈশব হারিয়ে পড়াশোনার চাপে পড়ে যাক। বরং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পাশাপাশি নিজের কৌতূহল দিয়ে বিশ্বকে আবিষ্কার করুক—এটাই তার চাওয়া।
তবে এই পথ সব সময় মসৃণ ছিল না। হ্যানয়ের বিভিন্ন ভাষা শিক্ষাকেন্দ্র ও স্কুলের শিক্ষার্থীরাও নিয়মিত ইংরেজি চর্চার জন্য হ্রদের পাড়ে আসে। এ কারণে অনেক পর্যটক মাঝেমধ্যে বিরক্ত হন। হিউ ও তার মাকেও বহুবার প্রত্যাখ্যাত হতে হয়েছে। তাই মা হোয়াং পর্যটকদের শারীরিক ভাষা ও আগ্রহ বুঝে কথা বলার চেষ্টা করেন, যাতে কেউ অস্বস্তিতে না পড়েন।
আরও পড়ুন
মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের পর্যটক কেন্ডাল স্টেম্পেল ও ক্লোই স্টার্ন, যাঁদের সঙ্গে হিউর কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’কে জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন ছেলেটি হয়তো কিছু বিক্রি করতে এসেছে। পরে তার আন্তরিকতা দেখে কথা বলতে আগ্রহী হন।
সপ্তাহের ছুটির দিনে কয়েক ঘণ্টার এই চর্চা শেষে হিউর জন্য অপেক্ষা করে এক স্কুপ আইসক্রিম। ছয় বছরের এই শিশুর গল্প দেখিয়ে দিচ্ছে, শেখার জন্য সব সময় প্রচলিত শ্রেণিকক্ষের প্রয়োজন হয় না। আগ্রহ, কৌতূহল ও সাহস থাকলে চারপাশের পৃথিবীই হয়ে উঠতে পারে শেখার জায়গা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।