ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
জীবনযাপন

বটতলায় নবান্ন উৎসব, ধান কাটা থেকে বাউলগানে মাতলেন দেশি-বিদেশি অতিথিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২০: ৩০
বটতলায় নবান্ন উৎসব, ধান কাটা থেকে বাউলগানে মাতলেন দেশি-বিদেশি অতিথিরা

তাঁদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরাও। কোথাও চলছে ধানমাড়াই, কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের গান। নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান আর গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ। মাটি, মানুষ ও শিকড়ের টানে এক জায়গায় মিলিত হয়েছেন বিভিন্ন বয়স ও পেশার শত শত মানুষ।

সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজন করা হয় নবান্ন উৎসবের। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরা এতে অংশ নেন। গ্রামীণ ঐতিহ্য ও কৃষিজীবনের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এ আয়োজনে মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এ ছাড়া উপস্থিত ছিলেন আমিনা আনসারী, রূপ শিখা বানু, হেলাল হেদায়েত ইসলাম, রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুধু অতিথিরাই নন, শিকড়ের টানে উৎসবে ছুটে আসেন কাউটিয়া, জাবরা, বানিয়াজুরী, বালিয়াখোড়া, আশাপুর, সিংজুরী, পেঁচারকান্দা ও বাষ্টিয়াসহ আশপাশের অন্তত ২০ গ্রামের কৃষক-কিষানিরা।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে ধান ভানার পাশাপাশি গানের তালে তালে নাচে অংশ নেন নারীরা। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস। কলাপাতায় পরিবেশন করা হয় নবান্নের নানা পদ।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

উৎসব প্রাঙ্গণে বসে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা। কাগজের ফুলে সাজানো হয় আয়োজনস্থল। ছিল শস্য প্রদর্শনী, আলোচনা, রম্য কৌতুক এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার আয়োজন। মধ্যাহ্নভোজেও তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের বৈচিত্র্য।

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, প্রীজ বেরোজ লিজা, শুকুরজান ও স্থানীয় প্রবীণ কিষানিরা।

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর। গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাব-বৈঠকি গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি। লোকগানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা।

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তাঁর খুব ভালো লাগছে। তাঁর মতো এলাকার কৃষক-কিষানিদের মধ্যেও নবান্নের আনন্দ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে পরিচিত করে তোলা হচ্ছে।

আলোচনা পর্বে বক্তব্য দেন প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার এবং নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো এ আয়োজন করা হয়েছে। কৃষকের শ্রমে শুধু ফসলই উৎপন্ন হয় না, এর মধ্য দিয়ে গড়ে ওঠে সংস্কৃতি ও ঐতিহ্যের উদার আবাহন। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

আরও পড়ুন

মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬ মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে

সন্ধ্যা গড়িয়ে রাত নামে। হালকা কুয়াশায় ঢেকে আসে চারপাশ। প্রায় ২০০ বছরের পুরোনো বটতলায় তখনো ভেসে বেড়ায় গাজীর গান আর ভাব-বৈঠকি সুর। দিনের আলোয় যে মাঠে কৃষকেরা কাস্তে হাতে ধান কেটেছিলেন, সেই মাঠেই ধীরে ধীরে নামে হেমন্তের নীরবতা। শেষ হয় উৎসব, কিন্তু থেকে যায় আনন্দের রেশ। ঘরে ফেরেন মানুষ, সঙ্গে নিয়ে যান নতুন ধানের ঘ্রাণ, মাটির কাছাকাছি থাকার তৃপ্তি আর একসঙ্গে উৎসব করার স্মৃতি।

নবান্ন শুধু নতুন ধানের প্রথম অন্ন নয়; এটি কৃষকের ঘাম, মাটির মমতা, কিষানির গান আর বাঙালির শিকড়ের সঙ্গে বেঁচে থাকার এক চিরন্তন বন্ধন।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

জীবনযাপন নিয়ে আরও পড়ুন