https://newsbdc.com/national-capital/mw3bknkpu5
উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)। আরিফুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ফালু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০ ১৭ অক্টোবর ২০২৬
আরিফুর পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। তিনি রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ফালু মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নিহত আরিফুরের চাচাতো ভাই মনির জানান, আরিফ পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার (ভাঙারি) দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে আরিফ ও ফালু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন
রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর ১৬ অক্টোবর ২০২৬
তিনি আরও জানান, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আরিফকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।