https://newsbdc.com/national/mvp07065az
ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: দুলু
বিগত সরকারের আমলে লুটপাট ও অর্থ পাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র ২২ মিনিট আগে
বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে হুইপ দুলু বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ছিল না এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক আন্দোলন, রক্তপাত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এর ফলে মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।
আরও পড়ুন
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা ৩২ মিনিট আগে
বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে দাবি করেন দুলু। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।’
আরও পড়ুন
ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ৩৮ মিনিট আগে
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে থাকা বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, অর্জিত গণতন্ত্র যেন আবার বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দিতে বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু ৩৯ মিনিট আগে
দুলু বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা জরুরি। অর্থনৈতিক পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা পূরণের স্বার্থে সরকার ও বিরোধী দলনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।