https://newsbdc.com/national-environment/mvoz1z6pi6
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে?
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হচ্ছে। এটি সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টির অগ্রসর হওয়ার আশঙ্কা কম হলেও এর প্রভাবে দেশের কিছু এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে।
আরও পড়ুন
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা ৯ মিনিট আগে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পূর্বমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সে সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।
আরও পড়ুন
ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ১৫ মিনিট আগে
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু ১৭ মিনিট আগে
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বি-২ ধাপের পরীক্ষা সম্পন্ন ২৮ মিনিট আগে
‘অর্ণব’ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। বাংলায় শব্দটির অর্থ সাগর। বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণে আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত নামের তালিকা অনুসরণ করা হয়। ঘূর্ণিঝড়ের নাম ব্যবহারের উদ্দেশ্য হলো সতর্কবার্তা ও পূর্বাভাসের তথ্য সহজে শনাক্ত করা এবং জনসাধারণের কাছে তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।