https://newsbdc.com/sara-desh/mvdk86h5uh
লালনের দর্শন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়: সংস্কৃতিমন্ত্রী
বাউলসম্রাট ফকির লালন শাহের গান ও দর্শনে মানবতা, আত্মোপলব্ধি এবং জাত-পাত ও ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে ওঠার শিক্ষা রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা ব্যক্তিজীবন ও সমাজে ধারণ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের মুক্তমঞ্চে তাঁর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, লালন কেবল ভক্তি-শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নন; তিনি মানবতার এক অনন্য দিশারি। তাঁর গান, কথা ও বাণীতে সুন্দর জীবনযাপন, ব্যক্তি ও সমাজের কল্যাণের শিক্ষা রয়েছে।
আরও পড়ুন
যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক ৯ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে লালনচর্চা আরও জোরদার করা প্রয়োজন। তাঁর শিক্ষা ও মানবিক দর্শন বাস্তব জীবনে প্রয়োগ করা গেলে সমাজ উপকৃত হবে। এ সময় তিনি লালন একাডেমির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতে লালনকে ঘিরে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাতের প্রেক্ষাপটে লালনের দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি, ধর্ম ও লিঙ্গসহ বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে লালনের অবস্থান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২০ ঘণ্টা আগে
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী। এ ছাড়া সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন লালন সাধক হৃদয় শাহ ও মিস আসমা খানম।
ভক্ত-অনুরাগীদের মিলনমেলা
লালনের তিরোধান দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধক, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও উপস্থিতি দেখা যায়। আলোচনা সভার পাশাপাশি জ্যেষ্ঠ শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় লালনসংগীত।
আখড়াবাড়ির আঙিনায় বাউল ও ভক্ত-অনুসারীরা তাঁবু টানিয়ে আস্তানা গড়ে তোলেন। একতারা, দোতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে সেখানে পরিবেশিত হয় লালন সাঁইয়ের গান। মাঠের এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্য পাশে বসে মেলা। বিভিন্ন পণ্যের দোকানেও চলে বেচাকেনা।
আরও পড়ুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ২২ ঘণ্টা আগে
কুমিল্লা থেকে আসা লালন অনুসারী মোমিন সাধু বলেন, নিরিবিলি পরিবেশে লালনের বাণী চর্চা, ভক্তদের উজ্জীবিত করা এবং নিজেদের মধ্যে ভাব বিনিময়ের জন্য তিনি এখানে আসেন।
সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা আনান ফকিরও লালনের প্রেম ও মানবধর্মের বাণী প্রচারের কথা বলেন। প্রবীণ ফকির আব্দুর রাজ্জাক শাহ বলেন, লালনের মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী আজও প্রবহমান।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সালামত সরদার জানান, তিনি ২৬ বছর ধরে লালন মেলায় দোকান দিচ্ছেন। এবার বেচাকেনা ভালো হলেও গত বছরের তুলনায় দোকানের জায়গা ভাড়া প্রায় ২০ হাজার টাকা বেড়েছে বলে জানান তিনি।
তিন দিনের আয়োজন, নিরাপত্তা জোরদার
জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান জানান, তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে। আখড়াবাড়ি, প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আখড়াবাড়ির খাদেম মোহাম্মদ আলী শাহ জানান, রোববার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসভার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হওয়ার কথা। সন্ধ্যায় লালন মাজার মঞ্চে দ্বিতীয় দিনের আলোচনা সভা আয়োজনের কর্মসূচিও রয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬
মাদক নিয়ন্ত্রণে নজরদারির দাবি
লালন মেলা ঘিরে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হলেও আখড়াবাড়ির বাইরের গড়াই নদীর তীরবর্তী এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদীর বাঁধ ও সড়কের পাশে কিছু এলাকায় অস্থায়ী আস্তানা গড়ে উঠেছে। মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার বিনিময়ে একটি চক্র অর্থ নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে মাজার প্রাঙ্গণের পাশাপাশি নদীতীরবর্তী এলাকাতেও কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।