https://newsbdc.com/sara-desh/mvgdu2v0zh
এক বছরে ১ কোটি ৭৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২৩৮ পাচারকারী
কক্সবাজারের নাফ নদী, টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে আটক করা হয়েছে ২৩৮ জন পাচারকারীকে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পৃথক দুটি অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের আরও ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে চার মাদক কারবারিকে।
আরও পড়ুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ২ ঘণ্টা আগে
মঙ্গলবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৮টা ১০ মিনিটে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ডাবল কেবিন পিকআপ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ থেকে চট্টগ্রামগামী পিকআপটির পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো। এ ঘটনায় পিকআপের চালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝের কাঠি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা তিনজনকে চ্যালেঞ্জ করা হলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২২ ঘণ্টা আগে
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩) ও শাকিল (২২) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা খাইরুল আমিন (২৪)। তাঁদের বহন করা পোঁটলা তল্লাশি করে ৩৪টি কার্টনে রাখা ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক দুটি অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। গত এক বছরে নাফ নদী ও সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ১ কোটি ৭৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৩৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬
তিনি আরও বলেন, মাদক কারবারিরা বড় চক্রের সহায়তা কিংবা অভিনব কৌশল ব্যবহার করলেও বিজিবি প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে চোরাচালান প্রতিরোধে কাজ করছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।