https://newsbdc.com/sara-desh/mw4sjbf77h
বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক
বগুড়ার শেরপুর উপজেলায় একটি কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একাধিক এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী ২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে একটি হিংস্র কুকুর উপজেলার বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া ও হাপুনিয়া এলাকার সড়ক দিয়ে দৌড়ে যায়। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
আকস্মিক এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিরা দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি চিকিৎসা ও অ্যান্টির্যাবিস ভ্যাকসিন নেন।
আরও পড়ুন
টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে ১১ মিনিট আগে
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ে আহত ২৬ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত।
তবে হাসপাতাল সূত্রে ২৬ জনের চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, আহতের সংখ্যা আরও বেশি। তাঁদের ভাষ্য, কুকুরটির আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের ৫৭ মিনিট আগে
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটের আশঙ্কা এবং দূরবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় অনেকে আহত স্বজনদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। কেউ কেউ স্থানীয় ফার্মেসি ও ক্লিনিক থেকেও ভ্যাকসিন ও চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ করে শিশু ও অভিভাবকদের মধ্যে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বেওয়ারিশ ও হিংস্র কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।