https://newsbdc.com/national/mw4rkoif4z
আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রফতানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, যেসব কৃষিপণ্য আমদানি করতে হয়, সেগুলোর দেশীয় উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানিনির্ভরতা কমানো হবে। কৃষিপণ্য রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুন
আগামী সপ্তাহে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ১৪ মিনিট আগে
শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কৃষি উৎপাদন এলাকা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী আমবাগান, লিচুবাগান, আধুনিক পদ্ধতিতে আদা চাষ এবং গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটো উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
আরও পড়ুন
‘আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মিনিট আগে
মন্ত্রী বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী এবং কৃষির প্রতি আন্তরিক। এ অঞ্চলে আম উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কৃষির সম্ভাবনা আরও কাজে লাগাতে আমবাগানের গাছের মধ্যবর্তী অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয় হবে। এ জন্য মাটির উপযোগিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
আরও পড়ুন
রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর ১ ঘণ্টা আগে
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর পানি সেচকাজে ব্যবহারের উদ্যোগ সম্প্রসারণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প ইতিমধ্যে তাঁর কাছে এসেছে। প্রকল্পটি অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। মন্ত্রীর মতে, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া রোধ করা সম্ভব হবে। এতে কৃষক উৎপাদিত আমের ন্যায্যমূল্য পাবেন।
আরও পড়ুন
৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা ১ ঘণ্টা আগে
পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।