https://newsbdc.com/national/mw4p778fn9
মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে
মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। নতুন নিয়ম অনুযায়ী, সম্ভাব্য কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের (ই-ভিসা) জন্য আবেদন করার আগে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা, মেডিকেল অনুমোদন সহজ করা এবং প্রক্রিয়াগত জটিলতা দূর করার দাবির মধ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর ৩১ মিনিট আগে
সরকার মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে মেডিকেল সেন্টারগুলোকে অতিরিক্ত ফি আদায় ও চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির একচ্ছত্র নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারবে না।
এর আগে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, সরকারিভাবে শূন্য খরচে মালয়েশিয়ায় কর্মী বহনকারী প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট ডিসেম্বরে শুরু হবে।
আরও পড়ুন
৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা ৩৬ মিনিট আগে
বেসরকারি ব্যবস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, নিয়োগ ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে আরও আলোচনা করা হবে।
আরও পড়ুন
শিল্পাঞ্চলে ফিরেছে শান্তি, ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা ৩৯ মিনিট আগে
নতুন নিয়োগ ব্যবস্থার আওতায় মালয়েশিয়া ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি ও ৩১২টি সহযোগী এজেন্সি নির্বাচন করেছে। এর পাশাপাশি বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলও এ ব্যবস্থায় যুক্ত রয়েছে।
অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগের পর ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছিল মালয়েশিয়া। এখন নিয়োগ ব্যয় নিয়ে উদ্বেগ দূর করা এবং লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে শ্রমবাজারটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।