https://newsbdc.com/sara-desh/mw7hqotxz9
সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনরায় একই ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবিতে চলা রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয় গ্রামের বাসিন্দারা।
এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে অবরোধকারীরা রেল ও সড়কপথ থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।
পরে নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
স্থানীয়দের দাবি, ছয়টি গ্রামকে আবারও বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হলে প্রতিদিন একই ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।
তবে ছয়টি গ্রাম পুনর্বহালের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধানের খবর পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।