https://newsbdc.com/sports/mwud86fule
লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে কোচ হিসেবে প্রতিযোগিতাটিতে নিজের ৩৪৫তম জয় তুলে নিয়েছেন আর্জেন্টাইন এই কোচ।
৫৬৭ ম্যাচে ৩৪৫ জয়ের কীর্তি গড়ে আতলেতিকো ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসকে ছাড়িয়ে গেছেন সিমিওনে। ৫৩৩ ম্যাচে আরাগোনেসের জয় ছিল ৩৪৪টি।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২১ ঘণ্টা আগে
রেকর্ড গড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দ দেয় না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’
দলকে রক্ষণাত্মক কৌশলে খেলানোর অভিযোগ ও সমালোচনা নিয়েও কথা বলেছেন আতলেতিকো কোচ। তাঁর প্রশ্ন, শুধু রক্ষণ সামলে কি ৩৪৫ ম্যাচ জেতা সম্ভব? সিমিওনে বলেন, ‘এটা আমাদের নিয়মিত সমালোচনা। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। আমাদের রক্ষণাত্মক দল হিসেবে তুলে ধরা হয়, যেন আমরা সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে ৩৪৫ ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?’
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২২ ঘণ্টা আগে
২০১১ সালের ২৩ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেন সিমিওনে। তাঁর অধীনে ক্লাবটি দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে। এ ছাড়া দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি দলটি।
চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো। তবে সাফল্যের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে সিমিওনের ভবিষ্যৎ নিয়ে। মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। রেকর্ড গড়ার পরও তিনি আতলেতিকোর ডাগআউটে থাকবেন, নাকি বিদায় নেবেন—তা এখনো নিশ্চিত নয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।