https://newsbdc.com/entertainment/mvcaq0cv0u
সংগীতে তপন চৌধুরীর ৫০ বছর, টরন্টোতে সুবর্ণজয়ন্তীর আয়োজন
বাংলা গানের জগতে পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী। ১৯৭৩ সালে সংগীতজীবন শুরু করা এই শিল্পী তাঁর স্বতন্ত্র গায়কী ও দরদমাখা কণ্ঠে দীর্ঘদিন ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদ্যাপনে এবার বিশেষ আয়োজন করা হয়েছে কানাডার টরন্টোতে।
আগামী ১২ ডিসেম্বর টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’। যৌথভাবে আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। টরন্টোর আয়োজনের পর বাংলাদেশেও সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ ২ ঘণ্টা আগে
দীর্ঘ সংগীতজীবনের অর্জন প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে ভক্ত-শ্রোতাদের অন্তহীন ভালোবাসা এবং গুণীজনদের আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি।’
আয়োজনের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের উদ্যোগে এই সুবর্ণজয়ন্তী উৎসব বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের নেপথ্যে সহযোগিতাকারী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে আশা প্রকাশ করেন এই শিল্পী।
আরও পড়ুন
না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ৬ ঘণ্টা আগে
এর আগে ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার ঢাকা ক্লাবে তপন চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, আলাউদ্দিন আলী ও আইয়ুব বাচ্চুসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সেই আয়োজনের স্মৃতিচারণা করে তপন চৌধুরী বলেন, সহকর্মী ও সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের আন্তরিক উপস্থিতি তাঁকে আনন্দিত করেছিল। বিশেষ করে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার দীর্ঘ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা তাঁকে গভীরভাবে আপ্লুত করেছিল।
আরও পড়ুন
নিজের গাড়িতে গুলির ঘটনায় যা বললেন আসিফ আকবর ৮ ঘণ্টা আগে
আয়োজক সূত্রে জানা গেছে, টরন্টোর অনুষ্ঠানে তপন চৌধুরী তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। তালিকায় রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’ ও ‘আমি সবকিছু ছাড়তে পারি’সহ ১৫টির বেশি গান।
তপন চৌধুরীর দীর্ঘ সংগীতযাত্রার সঙ্গে জড়িয়ে আছে বহু শ্রোতার আবেগ, স্মৃতি ও ভালো লাগা। তাঁর সুবর্ণজয়ন্তী উদ্যাপন তাই শুধু একজন শিল্পীর অর্জন উদ্যাপন নয়, বরং তাঁর গানকে ঘিরে গড়ে ওঠা ভালোবাসা ও স্মৃতিরও উদ্যাপন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।