https://newsbdc.com/entertainment/mvf6s5j4tl
বিদ্যুৎ বিলও উঠছে না, নভেম্বর থেকে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল
মানসম্মত সিনেমার অভাব, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা এবং ক্রমাগত লোকসানের চাপে দেশের একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে গাজীপুর চৌরাস্তার পরিচিত প্রেক্ষাগৃহ ‘উল্কা’।
আগামী নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে হলটির কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন উল্কা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬
তিনি বলেন, বর্তমানে হলটি ধুঁকে ধুঁকে চলছে। ক্রমাগত লোকসান হচ্ছে। এখনকার সিনেমা চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না।
জানা গেছে, দর্শকসংখ্যা এতটাই কমে গেছে যে হাতেগোনা কয়েকজন দর্শক নিয়ে শো চালিয়েও খরচ তোলা যাচ্ছে না। কর্মীদের বেতন দেওয়ার পাশাপাশি দৈনিক ও মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোও প্রত্যাশিত দর্শক টানতে পারছে না।
আরও পড়ুন
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ২৩ অক্টোবর ২০২৬
সব মিলিয়ে আর্থিক ক্ষতি সামাল দিতে না পেরে হলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হলটির দুরবস্থার কারণ ব্যাখ্যা করে রফিক উদ্দিন বলেন, ভালো গল্পের সিনেমা এবং পরিচিত নায়ক-নায়িকা থাকলে দর্শক হলে আসেন। তবে শুধু দুই ঈদে সিনেমা চালিয়ে একটি হল টিকিয়ে রাখা সম্ভব নয়। তাঁর মতে, শাকিব খানের নতুন সিনেমা মুক্তি পেলে দর্শকের ভালো সাড়া পাওয়া যায়। ঈদের বাইরেও তাঁর অভিনীত আরও সিনেমা মুক্তি পেলে হলগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত।
আরও পড়ুন
ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ২৩ অক্টোবর ২০২৬
রফিক উদ্দিন আরও বলেন, ভালো সিনেমার অভাবের পাশাপাশি লোকসান ও বিদ্যুৎ বিলের চাপও বেড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি সহনীয় পর্যায়ে না থাকায় নভেম্বর থেকে হলটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে উল্কা সিনেমা হলে চলছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। গত শুক্রবার ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত সিনেমাটি। মুক্তির আগে রাজধানীতে ছাদখোলা বাসে প্রচারণা চালিয়ে আলোচনায় আসার চেষ্টা করেছিল ছবিটি। তবে মুক্তির পর দেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে দর্শক উপস্থিতি নিয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট ২৩ অক্টোবর ২০২৬
শিল্পাঞ্চল গাজীপুরের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা হল। কিন্তু সময়ের সঙ্গে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ সংকুচিত হয়েছে। মাত্র দেড় বছর আগেও জেলায় হাতেগোনা চারটি সিনেমা হল চালু ছিল, যার মধ্যে অন্যতম ছিল উল্কা।
হলটি বন্ধ হয়ে গেলে গাজীপুরে চালু থাকবে বর্ষা ও ঝুমুর সিনেমা হল। তবে এই দুটি প্রেক্ষাগৃহও বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে বলে জানা গেছে। ফলে জেলার অবশিষ্ট সিনেমা হলগুলোর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে।
বিনোদন থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।