https://newsbdc.com/entertainment/mvgdhpjylj
৮ কোটি ৮৫ লাখ রুপি জমার নির্দেশ, না হলে মুক্তি পাবে না সোনাক্ষীর সিনেমা
বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল অভিনীত ‘তু হ্যায় মেরি কিরণ’ সিনেমাটি আইনি জটিলতায় পড়েছে। সহপ্রযোজকের বিনিয়োগ সুরক্ষিত করতে নির্মাতা প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮৫ লাখ রুপি এবং এর সঙ্গে বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সিনেমাটি বাণিজ্যিকভাবে মুক্তি বা প্রদর্শন করা যাবে না। এতে আগামী ২৩ অক্টোবর সিনেমাটির নির্ধারিত মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬
সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি অমিত বোরকার এ নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইশেলন প্রোডাকশনসকে তিন কার্যদিবসের মধ্যে নির্ধারিত অর্থ জমা দিতে হবে।
বিতর্কের সূত্রপাত ২০২৪ সালের ২৭ মার্চ স্বাক্ষরিত একটি সহপ্রযোজনা চুক্তি নিয়ে। চুক্তি অনুযায়ী, ১৫ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে দুই পক্ষের প্রত্যেকের ৭ কোটি ৫০ লাখ রুপি করে বিনিয়োগ করার কথা ছিল। এর সঙ্গে প্রযোজ্য পণ্য ও পরিষেবা করও (জিএসটি) যুক্ত হওয়ার কথা ছিল।
সহপ্রযোজক এএনডি মুভি প্রোডাক্টস এলএলপির দাবি, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তারা সিনেমাটিতে ৮ কোটি ৮৫ লাখ রুপি বিনিয়োগ করেছে। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ ফেরত দেওয়া হয়নি।
আরও পড়ুন
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ২৩ অক্টোবর ২০২৬
আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার সময়সীমা ২০২৫ সালের ২৭ এপ্রিল শেষ হয়েছে। পরবর্তী সময়ে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও তাতে অর্থ ফেরতের নির্ধারিত সময়সীমা পরিবর্তন হয় না।
শুধু অর্থ জমার নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি আদালত। সিনেমাটি থেকে অর্জিত আয় আলাদা একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে এবং আয়-ব্যয়ের হিসাব নিয়মিতভাবে উপস্থাপন করতে বলা হয়েছে। পাশাপাশি সিনেমাটির বাণিজ্যিক স্বত্বসংক্রান্ত চুক্তি করার ক্ষেত্রে সহপ্রযোজকের সম্মতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ২৩ অক্টোবর ২০২৬
আদালতের এই নির্দেশের ফলে সিনেমাটির মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠানকে বড় ধরনের আর্থিক ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা এবং আদালতের অন্যান্য শর্ত পূরণ করা না হলে ২৩ অক্টোবরের মুক্তির পরিকল্পনা ব্যাহত হতে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।