https://newsbdc.com/entertainment/mw61fzaehj
দুই বছর অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ‘পায়ার’, ঝুলিতে ১৮ পুরস্কার
ভারতের যে চলচ্চিত্র মুক্তি দিতে কোনো পরিবেশক রাজি হননি, সেই সিনেমাই শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ১১১ মিনিটের সিনেমা ‘পায়ার’ মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে দুই বছর। এরই মধ্যে ছবিটি জিতেছে ১৮টি পুরস্কার। উত্তর ভারতের উত্তরাখন্ডের একটি পাহাড়ি গ্রামের বৃদ্ধ দম্পতির ভালোবাসা, নিঃসঙ্গতা ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের আবেগাপ্লুত করছে।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩৬ মিনিট আগে
টেলিভিশন সাংবাদিকতা থেকে চলচ্চিত্র নির্মাণে আসা বিনোদ কাপরির পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন গ্রামের দুই সাধারণ মানুষ পদম সিং ও হীরা দেবী। আগে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না তাঁদের। সিনেমায় তাঁরা দাদু-দিদার চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
ছবির গল্পে, ৬৫ বছরের দাম্পত্য জীবনে থাকা এই দম্পতি গত ২৮ বছর ধরে অপেক্ষা করছেন তাঁদের ছেলে হারিয়ার জন্য। কাজের সন্ধানে মুম্বাইয়ে যাওয়া ছেলে একদিন ফিরে আসবে—এই আশাতেই দিন কাটে তাঁদের। এর মধ্যে গ্রামের তরুণেরা কাজের খোঁজে একে একে অন্যত্র চলে যান। জনশূন্য হয়ে পড়ে পাহাড়ি জনপদ। একসময় তাঁদের সাহায্য করার মতো প্রতিবেশীও আর থাকে না।
মৃত্যুর পর মরদেহ পাহাড় থেকে নামানোর লোক পাওয়া যাবে না—এমন আশঙ্কায় পদম সিং বাড়ির সামনে পাশাপাশি দুটি চিতা তৈরি করেন। একটি নিজের জন্য, অন্যটি স্ত্রীর জন্য। বিষণ্নতার পাশাপাশি দম্পতির খুনসুটি ও হাস্যরসও তুলে ধরেছেন পরিচালক।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
২০১৮ সালে উত্তরাখন্ডের মুন্সিয়ারিতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হওয়ার পর ছবিটির ভাবনা আসে বিনোদ কাপরির। প্রথমে তাঁদের জীবন নিয়েই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। পরে নিজের চাচা পদম সিং ও অন্য গ্রামের হীরা দেবীকে অভিনয়ের জন্য বেছে নেন।
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
২০২৪ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘পায়ার’। পরিচালকের ভাষ্য অনুযায়ী, সেরা ফিচার ফিল্মের তিনটি পুরস্কারসহ ছবিটি মোট ১৮টি পুরস্কার পেয়েছে। এত সাফল্যের পরও পরিবেশক না পাওয়ায় গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় পরে প্রদর্শনীর সংখ্যা বাড়ানো হয়।
হীরা দেবীর মতে, ছবিটি দর্শকের মনে দাগ কাটছে, কারণ অনেক গ্রামেই বৃদ্ধ মা-বাবারা সন্তানদের অপেক্ষায় একাকী দিন কাটান। পদম সিংয়ের আহ্বান, মানুষের কাছে কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া হোক, যাতে জীবিকার তাগিদে তরুণদের মাতৃভূমি ছেড়ে যেতে না হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।