https://newsbdc.com/entertainment/mwlrtlmzmb
পরিবার নয়, তামিলনাড়ুর মানুষের কল্যাণে রাঘবেন্দ্র মণ্ডপম দিতে চান রজনীকান্ত
দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত মৃত্যুর পর চেন্নাইয়ের বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ একটি জনকল্যাণমূলক ট্রাস্টের অধীনে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই সম্পত্তি থেকে পাওয়া অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এর কোনো অংশই তাঁর পরিবার পাবে না।
সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে দীর্ঘ পরিশ্রমে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন রজনীকান্ত। প্রতিবেদনে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে সম্পত্তি জনকল্যাণে দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষভাবে আলোচনায় এসেছে চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপম।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৪৫ মিনিট আগে
প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটির সঙ্গে রজনীকান্ত ও তাঁর ভক্তদের দীর্ঘদিনের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল। ভক্তদের সঙ্গে তাঁর বহু গুরুত্বপূর্ণ বৈঠকেরও সাক্ষী এই স্থান।
রজনীকান্তের বক্তব্য অনুযায়ী, তাঁর উইলেও মণ্ডপটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তরের বিষয়টি উল্লেখ রয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
অভিনেতার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর তাঁর সিনেমার টিকিট কিনে তাঁকে সমর্থন করেছেন। তাঁদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই তাঁর দীর্ঘ অভিনয়জীবন সম্ভব হয়েছে। সেই সমর্থনের প্রতিদান হিসেবেই সম্পত্তির আয় সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে চান তিনি।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সহায়তা করেছেন। তাই এই সিদ্ধান্ত তাঁদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার।’
তিনি আরও বলেন, টিকিটের দাম যেমনই হোক, তামিলনাড়ুর মানুষ সব সময় তাঁর সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন এবং কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।