https://newsbdc.com/international-middle-east/mvo49dexic
আকামা ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার ৮ হাজারের কাছাকাছি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব
সৌদি আরবে আবাসন অনুমতি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
আরও পড়ুন
ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ৭ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি আকামাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে, প্রায় ৩ হাজার ৭৫০ জন অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে এবং প্রায় ৩ হাজার ৫০০ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে। দেশটি থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২২ জন। অন্যদিকে, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, চাকরির ব্যবস্থা করা কিংবা যাতায়াতে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন
বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ৭ ঘণ্টা আগে
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩৭ হাজার ৫০০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে ২০ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে, যাতে তাঁরা পাসপোর্ট বা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে পারেন।
তবে সাম্প্রতিক অভিযানে যাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে কোন দেশের নাগরিকের সংখ্যা কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
আরও পড়ুন
ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা ৮ ঘণ্টা আগে
অবৈধভাবে প্রবেশকারী বা বসবাসের নিয়ম লঙ্ঘনকারীদের কোনো ধরনের সহায়তা না করার জন্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, কাজে নিয়োগ করা কিংবা অন্য কোনোভাবে সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশের ব্যবস্থাও থাকতে পারে।
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট ৯ ঘণ্টা আগে
এ ছাড়া অবৈধ অভিবাসন কিংবা সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে দেশটি। এ উদ্দেশ্যে বিশেষ হটলাইন ব্যবহারের কথাও জানানো হয়েছে।
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য এ অভিযান ও সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। তাই দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মীদের বৈধ আবাসন অনুমতি, কাজের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখা জরুরি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।