https://newsbdc.com/international/mvnf90yxtb
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ প্রবাসী আটক
মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার এবং ইপোহের একটি পাইকারি বাজারে তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ২৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা, পুত্রজায়ায় অবস্থিত বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখা এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।
তিনি জানান, রাত ৯টায় ‘অপ গেগার’ নামে একটি বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে অভিযান শুরু হয়। সেখানে ৭০ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করে ৩৪ জন নারীকে আটক করা হয়।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ২৪ অক্টোবর ২০২৬
পরে রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে ৭৭ জন বিদেশির পরিচয় ও নথিপত্র যাচাই করে ৭৫ জন পুরুষকে আটক করা হয়।
পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লার থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।
আরও পড়ুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ২৪ অক্টোবর ২০২৬
লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।
তিনি আরও জানান, অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তবে অভিবাসন বিভাগের সদস্যদের তৎপরতায় তাঁদের আটক করা হয়। এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করেছে অভিবাসন বিভাগ। তদন্তে সহযোগিতার জন্য তাঁদের বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ২৪ অক্টোবর ২০২৬
আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান লোকমান এফেন্দি।
মালয়েশিয়ায় অভিবাসন অভিযান অব্যাহত
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশি নাগরিকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়।
আরও পড়ুন
রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি ২৪ অক্টোবর ২০২৬
এ সময়ে ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ হাজারের বেশি অভিবাসন বিভাগের সরাসরি আইন প্রয়োগকারী অভিযানে আটক হন। বাকি ২৪ হাজারের বেশি ব্যক্তিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর করা হয়েছে, দেশের প্রবেশপথে আটক করা হয়েছে কিংবা অন্যান্য অভিযানের আওতায় নেওয়া হয়েছে।
লোকমান এফেন্দি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।