https://newsbdc.com/international-middle-east/mwfbxj5eqj
তুরস্ক ও কাতারের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
তুরস্ক ও কাতারের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের অবসান, সংলাপের পরিবেশ তৈরি এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
এরদোয়ানের কার্যালয় আরও জানিয়েছে, এই চুক্তি তুরস্ক ও কাতারের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। তবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবার্দা বলেন, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় দেশগুলো এর প্রভাব অনুভব করছে। এ অঞ্চলের কোনো দেশই নিজেদের পুরোপুরি নিরাপদ মনে করছে না।
তিনি আরও বলেন, কাতার বুঝতে পেরেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া নিরাপত্তার নিশ্চয়তা যথাযথভাবে কাজ করছে না। কাতারে অবস্থানরত তুর্কি সেনারা দেশটির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তুর্কি অস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হতে পারে। বিষয়টি তুরস্কের জন্যও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নতুন এই চুক্তি এ ধরনের আরও সামরিক চুক্তি এগিয়ে নিতে সহায়তা করবে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে। এর মধ্যে সৌদি আরব ও পাকিস্তান এবং কুয়েত ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘ন্যাটো স্টাইলের’ ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিও’ কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।