https://newsbdc.com/international/mvar8nb2j0
সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে ২৫ হাজার পুলিশ মোতায়েন
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। কর্মসূচি ঠেকাতে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে স্থাপন করা হয়েছে নতুন সিসিটিভি ক্যামেরা।
শুক্রবার বিকেলে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে পদযাত্রা ও সমাবেশ করার কথা সিজেপির। দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গত মঙ্গলবার গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সংগঠনটি।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৭ ঘণ্টা আগে
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিকল্প স্থান হিসেবে সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে সিজেপি। কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার। কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৮ ঘণ্টা আগে
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত মেট্রো পরিষেবা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজীব চক মেট্রো স্টেশনে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, কর্মসূচিতে অংশ না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। অন্যদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে শুক্র ও শনিবার সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ১৯ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সিজেপির ঘোষিত কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ও নজরদারি জোরদার রাখা হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।