https://newsbdc.com/international/mvp0gqm7u6
প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা
জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম বাড়লেও সেই অনুপাতে বাড়েনি অনেক প্রবাসী শ্রমিকের বেতন। এমন পরিস্থিতিতে বিদেশি কর্মীদের প্রতি সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। একই সঙ্গে জাতীয়তা নির্বিশেষে সব কর্মীর বেতন যথাসময়ে পরিশোধ করতে নিয়োগকর্তাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ৪৯ মিনিট আগে
প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, কুয়েতি কর্মীদের বেতন নিশ্চিত করা হলেও বিদেশি কর্মীদের বেতন দিতে দেরি করা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? তাঁর মতে, কোনো কর্মীর জাতীয়তার ভিত্তিতে বেতন পরিশোধে বৈষম্য করা উচিত নয়। প্রতিষ্ঠানের জন্য কাজ করা প্রত্যেক কর্মীরই ন্যায্য পাওনা যথাসময়ে পাওয়ার অধিকার রয়েছে।
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, ভরিতে দেশে ২ লাখ ২০ হাজার টাকা ১ ঘণ্টা আগে
শেখ ফাহাদ আল-ইউসুফ বলেন, খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। কিন্তু অনেক প্রবাসী কর্মীর বেতন সেই অনুপাতে বাড়েনি। এ অবস্থায় তাঁরা কীভাবে নিজেদের ও পরিবারের ব্যয় নির্বাহ করবেন, সেই প্রশ্ন তুলে নিয়োগকর্তাদের মানবিক আচরণের আহ্বান জানান তিনি।
বেতন বকেয়া থাকাকে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনের গত আড়াই বছরে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বেতন পরিশোধের পরিস্থিতি জানার চেষ্টা করেছেন।
আরও পড়ুন
তিব্বতের ভূমিকম্পে নিহত ১৬, নতুন হতাহতের খবর নেই ১ ঘণ্টা আগে
শ্রমিকদের বেতন পরিশোধে অবহেলা, মানবপাচার ও অর্থপাচারের মতো কর্মকাণ্ড কুয়েতের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের পরিস্থিতি এড়াতে শ্রম আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগের পাশাপাশি নিয়োগকর্তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
আরও পড়ুন
সীমান্তে কামান মোতায়েন, জাতিসংঘে দুই কোরিয়ার পাল্টাপাল্টি চিঠি ১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, বেতন না পেয়ে শ্রমিকেরা যেন প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য না হন, সে জন্য আগেভাগেই সমস্যার সমাধান করতে হবে। কর্মীদের পাওনা পরিশোধ এবং তাঁদের সঙ্গে ন্যায্য আচরণ করা নিয়োগকর্তাদের আইনগত ও মানবিক দায়িত্ব।
কুয়েতে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মী বেসরকারি খাতে কাজ করছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে নিয়মিত বেতন পরিশোধ ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।