https://newsbdc.com/international/mvqlfsava0
ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত
সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে চার্চের পবিত্র সিনড এসব হত্যাকাণ্ডকে বেসামরিক নাগরিকদের ওপর চরম নিষ্ঠুরতা ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
আরও পড়ুন
তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ ১৫ মিনিট আগে
বিবৃতিতে বলা হয়, গত ২০ অক্টোবর মার্তি জেলার আঙ্গাদা কেবেলের গোর সিলিঙ্গো এলাকায় হামলায় ১৪ জন নিহত হন। এর চার দিন পর, ২৪ অক্টোবর শিরকা জেলার তেরেতা, চোলে ও বিরবো গ্রামে পৃথক হামলায় আরও ৪৬ জন প্রাণ হারান। দুটি জেলাই মধ্য ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের আরসি জোনে অবস্থিত।
হামলাগুলোর নিন্দা জানিয়ে চার্চের পবিত্র সিনড বলেছে, এসব হত্যাকাণ্ড মানুষের জীবন ও ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে। একই সঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে ইথিওপিয়ার দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলেছে।
আরও পড়ুন
সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ৫৪ মিনিট আগে
বেসামরিক নাগরিকদের নিরাপত্তা জোরদার, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চার্চ। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে তারা।
ওরোমিয়া আঞ্চলিক সরকার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এক কর্মকর্তা হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ)-সহ কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত একটি নতুন বিদ্রোহী জোটকে দায়ী করেছেন। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ আগেও অস্বীকার করেছে ওএলএ। ফলে হামলার জন্য কারা দায়ী, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল ৫৯ মিনিট আগে
ইথিওপিয়ার বৃহত্তম আঞ্চলিক রাজ্য ওরোমিয়ায় দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রায় চার কোটি মানুষের বসবাস এই অঞ্চলে বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলছে। এর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গত জুলাইয়ে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ সাল থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত পূর্ব আরসি অঞ্চলে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় অন্তত ৪৩২ জন বেসামরিক নাগরিক ও স্থানীয় মিলিশিয়ার চার সদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন
সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ৫৯ মিনিট আগে
সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চার্চের পবিত্র সিনড। নিহত ব্যক্তিদের স্মরণে সোমবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অর্থোডক্স চার্চ ও মঠগুলোকে মঙ্গলবার ধর্মীয় উপাসনা শেষে একই ধরনের প্রার্থনার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চার্চ বলেছে, অনুসারীরা যেন ভয় ছাড়াই বসবাস ও ধর্মীয় উপাসনা করতে পারেন, তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।